অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের থাকা নিয়ে উদ্বেগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৬:৫০
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ও পরিবার নিয়ে যাওয়ার নিয়ম আরো কঠোর করার দাবি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আবাসন সংকট, বাড়ি ভাড়া বৃদ্ধি এবং নাগরিক পরিষেবার ওপর চাপের কারণে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসন কমানোর দাবি জোরালো হচ্ছে।
কট্টর ডানপন্থি ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে স্বামী, স্ত্রী বা পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় আসার সুযোগ পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছেন। অন্যদিকে কনজারভেটভ কোয়ালিশনও আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার কথা বলছে।
ক্ষমতাসীন লেবার পার্টিও বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট সীমায় রাখার আইন করার চেষ্টা করলেও তা সংসদের উচ্চকক্ষে আটকে যায়। তবে সরকার ইতোমধ্যে ‘জেনুইন স্টুডেন্ট’ যাচাই আরো কঠোর করেছে, ইংরেজির ন্যূনতম স্কোর বাড়িয়েছে এবং ভিসার জন্য ব্যাংকে দেখাতে হয় এমন অর্থের পরিমাণও বাড়িয়েছে। এসব পরিবর্তনে অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তাদের আশঙ্কা, পরিবার নিয়ে যাওয়ার সুযোগ কমে গেলে অনেক শিক্ষার্থী অন্য দেশ বেছে নিতে পারেন। অন্যদিকে সরকার বলছে, শিক্ষার মান ঠিক রাখা এবং আবাসন ও স্থানীয় পরিষেবার ওপর চাপ কমাতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, নিয়ম অতিরিক্ত কঠোর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়ার জনপ্রিয়তা ও বিশ্ব শিক্ষাবাজারে দেশটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
logo-1-1740906910.png)