মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার স্কলারশিপ ২০২৬
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১১:০১
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ২০২৬ সালের জন্য ঘোষণা করেছে মর্যাদাপূর্ণ Human Rights Scholarship। দেশি ও বিদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই স্কলারশিপ মূলত মানবাধিকারভিত্তিক গবেষণায় আগ্রহী স্নাতকোত্তর শিক্ষার্থীদের সহায়তা করবে। মাস্টার্স বাই রিসার্চ এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এই স্কলারশিপের মূল লক্ষ্য হলো মানবাধিকার বিষয়ে গভীরতর গবেষণা ও জ্ঞানচর্চা। আইন, নীতি, সামাজিক ন্যায়বিচার, আদিবাসী অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো, উন্নয়ন ও মানবিক অধ্যয়নসহ নানা বিষয়ে আন্তঃবিষয়ক গবেষণাকে উৎসাহিত করা হবে। শুধু একাডেমিক গবেষণা নয়, বাস্তব জীবনে মানবাধিকার অগ্রগতিতে অবদান রাখার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
স্কলারশিপে থাকছে পূর্ণ অর্থায়ন:
- পুরো টিউশন ফি মওকুফ
- বছরে প্রায় ৪৪ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার ভাতা (২০২৬ সালের হার অনুযায়ী)
- মাস্টার্সে সর্বোচ্চ ২ বছর এবং পিএইচডিতে ৩.৫ থেকে ৪ বছর পর্যন্ত সহায়তা
- স্থানান্তর ভাতা: অস্ট্রেলিয়ার ভেতরে ২ হাজার ডলার, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৩ হাজার ডলার
- আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা (OSHC)
- অসুস্থতা, মাতৃত্ব ও অভিভাবকত্বজনিত ছুটির সুযোগ
মোট অর্থমূল্য পড়াশোনার স্তর ও মেয়াদ অনুযায়ী প্রায় ৮৯ হাজার থেকে ১ লাখ ৫৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত হতে পারে।
আবেদনকারীদের অবশ্যই মানবাধিকারভিত্তিক গবেষণায় অংশ নিতে হবে এবং সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তি হতে হবে। একই স্তরের বা উচ্চতর কোনো গবেষণা ডিগ্রি আগে থাকলে আবেদন করা যাবে না। দেশি-বিদেশি উভয় শিক্ষার্থীই আবেদন করতে পারবেন।
প্রতিযোগিতামূলক এই স্কলারশিপে আবেদনকারীদের একাডেমিক রেকর্ড, গবেষণা প্রস্তাবের মান ও মৌলিকত্ব, মানবাধিকার বিষয়ে প্রতিশ্রুতি এবং সামাজিক সম্পৃক্ততা বিবেচনা করা হবে। আবেদনকারীদের একটি বিস্তারিত বিবৃতি জমা দিতে হবে, যেখানে তাদের মানবাধিকার বিষয়ক কাজ, স্বেচ্ছাসেবামূলক অভিজ্ঞতা এবং গবেষণার সামাজিক প্রভাব তুলে ধরতে হবে।
আবেদন শুরু হবে ১ এপ্রিল ২০২৬ এবং শেষ হবে ৩১ অক্টোবর ২০২৬। ফলাফল জানানো হবে ফেব্রুয়ারি ২০২৭-এ।
logo-1-1740906910.png)