Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় বাড়ছে স্টুডেন্ট ভিসা ইস্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:৩৭

অস্ট্রেলিয়ায় বাড়ছে স্টুডেন্ট ভিসা ইস্যু

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা অনুমোদনের হার এপ্রিল মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্চে যেখানে রেকর্ড সর্বনিম্ন অনুমোদন হয়েছিল, সেখানে এপ্রিল মাসে তা আবারো বাড়তে শুরু করেছে। তবে এই উন্নতি মূলত আবেদন প্রসেসিংয়ের ধরন পরিবর্তনের কারণে হয়েছে, নীতিগত কোনো বড় শিথিলতার কারণে নয়।

অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স বিভাগের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে অফশোর উচ্চশিক্ষা ভিসা আবেদনকারীদের মধ্যে ৮৩ শতাংশ অনুমোদন পেয়েছেন। মার্চে এই হার ছিল মাত্র ৫৯ শতাংশ এবং ফেব্রুয়ারিতে ৬৭ শতাংশ। এপ্রিল মাসে প্রায় ৭ হাজার ৪০০ জন আবেদনকারী ভিসা পেয়েছেন, যা মার্চের ৬ হাজার ৯০০ জনের তুলনায় বেশি। তবে এপ্রিল মাসে প্রায় ৩ হাজার কম আবেদন প্রসেস করা হয়েছে।

টাইমস হায়ার এডুকেশনের বিশ্লেষণে দেখা গেছে, অনুমোদনের হার বাড়লেও দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আসা আবেদনকারীদের প্রসেসিং ব্যাপকভাবে কমেছে। এপ্রিল মাসে ভারতের আবেদন প্রসেসিং ৫৯ শতাংশ কমেছে। বাংলাদেশ থেকে প্রসেসিং কমেছে ৬৭ শতাংশ, নেপাল থেকে ৭৮ শতাংশ এবং শ্রীলঙ্কা থেকে ৮৭ শতাংশ। অন্যদিকে অন্যান্য দেশের আবেদন প্রসেসিং বেড়েছে।

ফেব্রুয়ারি ও মার্চ মাসে অনুমোদনের হার ছিল ইতিহাসের সর্বনিম্ন। এর আগে দুই দশকেরও বেশি সময় ধরে অনুমোদনের হার ৭৩ শতাংশের ওপরে ছিল। দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। নেপালের আবেদনকারীদের অনুমোদন হার ছিল মাত্র ২৭ শতাংশ এবং ভারতের ক্ষেত্রে ৪৯ শতাংশ।

অস্ট্রেলিয়া জানুয়ারি মাসে নতুন ভিসা প্রমাণ-স্তর ব্যবস্থা চালু করেছে। এর আওতায় বাংলাদেশ, ভারত ও নেপালকে Evidence Level 3 বা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ শ্রেণিতে রাখা হয়েছে। ফলে এসব দেশের আবেদনকারীদের অতিরিক্ত নথি জমা দিতে হচ্ছে এবং আরো কঠোর যাচাইয়ের মুখোমুখি হতে হচ্ছে।

চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ যেমন ভিয়েতনাম, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার আবেদনকারীদের ক্ষেত্রে প্রত্যাখ্যানের হার তুলনামূলকভাবে কম ছিল; যা ৪ থেকে ১৫ শতাংশের মধ্যে।

Logo