Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

প্রশিক্ষণের বদলে ‘সস্তা শ্রম’, অস্ট্রেলিয়াজুড়ে নজিরবিহীন তল্লাশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:২৫

প্রশিক্ষণের বদলে ‘সস্তা শ্রম’, অস্ট্রেলিয়াজুড়ে নজিরবিহীন তল্লাশি

অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণের আড়ালে বিদেশি কর্মীদের দিয়ে নিয়মিত শ্রমিকের মতো খাটানো এবং ভিসার শর্ত ভেঙে কম খরচে জনবল নিয়োগের অভিযোগে দেশজুড়ে নজিরবিহীন অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স (এবিএফ) ও স্বরাষ্ট্র বিভাগ। ‘সাবক্লাস ৪০৭’ বা ট্রেনিং ভিসার অপব্যবহার ঠেকাতে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, চার মাসব্যাপী অভিযানের প্রথম ধাপে বিভিন্ন রাজ্য ও অঞ্চলের ১০০টিরও বেশি কর্মস্থলে আকস্মিক পরিদর্শন করা হয়েছে। ক্যানবেরা, ডারউইন, টাউনসভিল, গোল্ড কোস্ট, হার্ভে বে, সেন্ট্রাল কোস্ট, গোলবার্ন, অ্যালবারি, ওয়াগা ওয়াগা, গ্রিফিথ, ব্যালার্যাট এবং মার্গারেট রিভারসহ নানা এলাকায় প্রশিক্ষণার্থী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোতে তল্লাশি চালানো হয়েছে। আগামী মাসগুলোতে আরও ২০০টির বেশি কর্মস্থলে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

তদন্তে দেখা গেছে, অনেক ক্ষেত্রে প্রশিক্ষণ ভিসাধারীদের জন্য কাঠামোবদ্ধ প্রশিক্ষণ কার্যক্রমের কোনো অস্তিত্ব নেই। কাগজে-কলমে নিখুঁত পরিকল্পনা জমা দেওয়া হলেও বাস্তবে প্রশিক্ষণার্থীদের সাধারণ কর্মচারীর মতো কাজে লাগানো হচ্ছে। এমনকি কিছু প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সঙ্গে সম্পর্কহীন কাজেও তাদের নিয়োজিত করার প্রমাণ পাওয়া গেছে।

এবিএফ কর্মকর্তারা ফেয়ার ওয়ার্ক ওমবাডসম্যানের সহযোগিতায় সরাসরি কর্মস্থল পরিদর্শন করছেন, নথিপত্র যাচাই করছেন এবং নিয়োগকর্তা ও প্রশিক্ষণার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। এবিএফ কমান্ডার জন টেলর স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রশিক্ষণ ভিসায় থাকা অভিবাসীদের শোষণের বিষয়ে কোনো সহনশীলতা নেই। দক্ষতা উন্নয়নই এই ভিসার মূল উদ্দেশ্য। আর যারা এর অপব্যবহার করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্পনসরশিপের শর্ত লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা, স্পনসরশিপ বাতিল এবং ভবিষ্যতে বিদেশি কর্মী স্পনসর করার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। অন্যদিকে, ভিসাধারীদের ক্ষেত্রেও নিয়ম ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে ভিসা বাতিলসহ গুরুতর অভিবাসনগত জটিলতা তৈরি হতে পারে।

অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, ভিসার ধরন যাই হোক না কেন, প্রত্যেক কর্মী ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং আইনি সুরক্ষার অধিকার রাখেন। অভিবাসী কর্মী বা প্রশিক্ষণার্থীদের শোষণ গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়, যার শাস্তি জরিমানা ও কারাদণ্ড উভয়ই হতে পারে।

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ও অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযান শুধু ভিসা জালিয়াতি প্রতিরোধ নয়; বরং অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা পরামর্শ দিয়েছেন, যারা ট্রেনিং ভিসায় অস্ট্রেলিয়ায় আসতে চান, তাদের অবশ্যই অনুমোদিত স্পনসর ও প্রকৃত প্রশিক্ষণ পরিকল্পনা যাচাই করে আবেদন করা উচিত।

Logo