Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

২০২৬ সালে অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে যে পরিবর্তন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৯

২০২৬ সালে অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে যে পরিবর্তন

অস্ট্রেলিয়া ২০২৫ সালে অভিবাসন নীতিতে বড় ধরনের সংস্কার করেছে। এর মূল লক্ষ্য ছিল দক্ষ জনশক্তি আকর্ষণ, শিক্ষার্থী ভিসার স্বচ্ছতা নিশ্চিত করা এবং আঞ্চলিক এলাকায় বসতি স্থাপনকে উৎসাহিত করা। নতুন নীতির ফলে স্বাস্থ্য, প্রযুক্তি ও প্রকৌশল খাতের পেশাজীবীরা দ্রুত ভিসা ও স্থায়ী বসবাসের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কাজের সময়সীমা পুনঃনির্ধারণ করা হয়েছে, যাতে শিক্ষার মান অক্ষুণ্ণ থাকে এবং ভিসার অপব্যবহার রোধ করা যায়। অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদ সংস্থা এসবিএস এ প্রতিবেদনটি প্রকাশ করেছে।

২০২৫ সালের পরিবর্তনের মধ্যে অন্যতম ছিল আঞ্চলিক এলাকায় অভিবাসীদের বসতি স্থাপনকে উৎসাহিত করা। এজন্য অতিরিক্ত পয়েন্ট, দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ এবং বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে। পরিবার পুনর্মিলন ভিসার প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং মানবিক ভিসার সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে।  

২০২৬ সালে আরো কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ আরো সীমিত করা হবে, যাতে তারা পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত কাজের চাপ না নেয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবা, বয়স্কদের যত্ন, নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। অস্ট্রেলিয়া ডিজিটাল অভিবাসন ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আবেদন যাচাই ও প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।  

অস্ট্রেলিয়ার সরকার আঞ্চলিক উন্নয়নের জন্য অভিবাসীদের ছোট শহর ও গ্রামীণ এলাকায় বসতি স্থাপনে আরো প্রণোদনা দিতে চায়। এর মধ্যে কর সুবিধা ও আবাসন সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। দক্ষ জনশক্তির জন্য স্থায়ী বসবাসের পথ আরো সহজ হবে, তবে কম দক্ষতার ভিসা সীমিত রাখা হবে।  

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের জন্য নতুন নীতি মানতে হবে কঠোরভাবে। বিশ্ববিদ্যালয়গুলোতে উপস্থিতি ও পড়াশোনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। অন্যদিকে চিকিৎসক, নার্স, আইটি বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা সহজে প্রবেশাধিকার ও স্থায়ী বসবাসের সুযোগ পাবেন। পরিবার পুনর্মিলন ভিসার নিয়ম অপরিবর্তিত থাকলেও ডিজিটাল ব্যবস্থার কারণে প্রক্রিয়া আরো দ্রুত হতে পারে।  

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে বিতর্কও রয়েছে। কেউ কেউ বলছেন, অভিবাসন বাড়লে আবাসন সংকট ও অবকাঠামোর ওপর চাপ বাড়তে পারে। আবার অন্যরা মনে করেন, দক্ষ জনশক্তি আকর্ষণ করলে অর্থনীতি আরো শক্তিশালী হবে।

Logo