মালয়েশিয়ার পেরাক রাজ্যের সিতিয়াওয়ান ও আয়ার তাওয়ার এলাকায় অস্ত্রের মুখে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সন্দেহভাজন চারজনকে খুঁজছে পুলিশ। সন্দেহভাজনরা ইন্দোনেশীয় নাগরিক বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মালয়েশিয়ার কিছু বাংলাদেশি গণমাধ্যম সেই প্রবাসীকে একজন বাংলাদেশি বলে চিহ্নিত করলেও, দেশটির মূলধারার গণমাধ্যম প্রবাসীর নাম পরিচয় জানায়নি।
২৭ নভেম্বর পুলিশ জানায়, ২৬ ও ২৭ নভেম্বরের মধ্যে সংঘটিত এসব ঘটনায় দুটি সশস্ত্র ডাকাতি এবং বাড়িতে অনুপ্রবেশের চেষ্টার ছয়টি অভিযোগ পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজনরা মুখে মাস্ক পরে ধারালো দা নিয়ে ভোরের দিকে প্রবাসীর বাড়িতে প্রবেশ করে। এরপর বাসিন্দাদের বেঁধে রেখে মোবাইল ফোন, ঘড়ি, জুতা ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। এসব ঘটনায় চুরি হওয়া সম্পদের আনুমানিক মূল্য ২০ হাজার রিঙ্গিত।
পুলিশ সন্দেহভাজনদের ধরতে অভিযান চালাচ্ছে। একই সাথে স্থানীয় বাসিন্দাদের বাড়ির দরজা-জানালা নিরাপদ রাখা এবং সিসিটিভি স্থাপনের পরামর্শ দিয়েছে।
মানজুং জেলার পুলিশপ্রধান জানান, ডাকাতির অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড ও বেত্রাঘাতের সাজা হতে পারে।
logo-1-1740906910.png)