মালদ্বীপে প্রবাসীদের কল্যাণ ও অনথিভুক্ত বাংলাদেশিদের নিয়মিতকরণে নতুন উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৮:২৭
মালদ্বীপের স্বরাষ্ট্র, শ্রম ও প্রযুক্তিমন্ত্রী আলী ইহুসানের সাথে সাক্ষাৎ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম। সাক্ষাতে মালদ্বীপে কর্মরত ও বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, অনথিভুক্ত প্রবাসীদের নিয়মিতকরণ, কর্মপরিবেশ নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুযোগ সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
বুধবার (৪ নভেম্বর) হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র, শ্রম ও প্রযুক্তিমন্ত্রী আলী ইহুসানের সাথে তার কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে প্রবাসী কর্মীদের সার্বিক জীবনমান উন্নয়ন ও আইনগত সুরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশটিতে কর্মরত বিদেশি নাগরিকদের প্রায় ৯৮ শতাংশের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। এই অগ্রগতির জন্য হাইকমিশনার মালদ্বীপ সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, বায়োমেট্রিক তথ্য যাচাই প্রবাসীদের নিয়মিতকরণ ও সরকারি সেবাপ্রাপ্তি সহজ করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনথিভুক্ত প্রবাসীদের নিয়মিতকরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনুষ্ঠানিক সময়সীমা পার হলেও বর্তমানে কর্মরত কর্মীদের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকলে নিয়োগকর্তার মাধ্যমে ইমিগ্রেশন, লেবার রিলেশনস অথরিটি বা সিটি কাউন্সিলে আবেদনের সুযোগ রয়েছে। একই সাথে ভুয়া নিয়োগ এবং কর্মী নিখোঁজের ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানাসহ আইনি ব্যবস্থা নেয়ার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে হাইকমিশনার প্রবাসী কর্মীদের বেতন-ভাতা নিয়োগচুক্তি অনুযায়ী প্রদান, নতুন ব্যাংক হিসাব খোলার সুবিধা বৃদ্ধি এবং অনুমোদিত ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও সাশ্রয়ী খরচে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা সহজ করার ওপর বিশেষ জোর দেন।
প্রবাসী কর্মীদের সমস্যা দ্রত সমাধান ও সচেতনতা বাড়াতে বাংলাদেশ হাইকমিশন এবং মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক সমন্বয় ব্যবস্থা গঠন এবং দ্বীপাঞ্চলগুলোতে যৌথ সচেতনতামূলক কর্মসূচি চালুর বিষয়ে দুই পক্ষ একমত পোষণ করে।
বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করতে মালদ্বীপের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সাথে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
logo-1-1740906910.png)