মালয়েশিয়ার পেনাংয়ে প্রবাসীদের পরিচালিত ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ও সিলগালা করেছে পেনাং দ্বীপ নগর পরিষদ, এমবিপিপি। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিভিন্ন ব্যবসায়িক সরঞ্জাম ও পণ্য।
৩ নভেম্বর (মঙ্গলবার) মালয়েশিয়া গেজেট জানিয়েছে, গত শুক্রবার পেনাংয়ের গাট লেবু মাক্কালাম, জালান মাগাজিন, জালান তুন ডক্টর আওয়াং এলাকায়‘অপ তেগাস’ নামে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোতে লাইসেন্সের শর্ত ও স্থানীয় কর্তৃপক্ষের বিধিবিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে বিজ্ঞাপনফলক, ডিজিটাল ওজন মাপার যন্ত্র, ছুরি, কাটিং বোর্ড, বহনযোগ্য করাত, লোহার তাক ও চুল কাটার সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি পচনশীল মুরগি ও তাজা মাছ ধ্বংস করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লিখিত নোটিশ দিয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মালয়েশিয়ার কিছু বাংলাদেশি সংবাদ মাধ্যম এসব দোকানগুলোকে বাংলাদেশি মালিকানাধীন বললেও স্বাধীনভাবে তা যাচাই করা সম্ভব হয়নি।
পেনাং আইনপ্রয়োগকারী সংস্থা জানিয়েছে, লাইসেন্সবিহীন ব্যবসা, লাইসেন্সের শর্ত লঙ্ঘন এবং বিদেশিদের মাধ্যমে নিয়মবহির্ভূত ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রবাসীদের জন্য বার্তা হলো মালয়েশিয়ায় ব্যবসা পরিচালনার আগে বৈধ লাইসেন্স, ব্যবসার অনুমোদিত মালিকানা ও পরিচালনার শর্ত ভালোভাবে যাচাই করতে হবে। শুধু দোকান ভাড়া বা বিনিয়োগ করলেই বৈধভাবে ব্যবসা পরিচালনার অধিকার তৈরি হয় না। মালয়েশিয়ায় যথাযথ নিয়ম না মানলে প্রতিষ্ঠান বন্ধ, মালামাল জব্দ এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
logo-1-1740906910.png)