Logo
×

Follow Us

এশিয়া

'দূতাবাসের কর্মকর্তাদের দক্ষতার অভাবে প্রবাসী বাংলাদেশিরা সেবা থেকে বঞ্চিত'

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১৭:৫৮

'দূতাবাসের কর্মকর্তাদের দক্ষতার অভাবে প্রবাসী বাংলাদেশিরা সেবা থেকে বঞ্চিত'

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্রীয় সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে সেবার মান, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, আন্তরিকতা ও দুর্নীতির অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রবাসীদের মধ্যে অসন্তোষ রয়েছে। বিপুলসংখ্যক প্রবাসীর বিপরীতে সীমিত জনবল নিয়ে সেবা দিতে গিয়ে হাইকমিশনকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

মালয়েশিয়ায় প্রায় ১২ থেকে ১৫ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। তাদের মধ্যে কর্মজীবী, পেশাজীবী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা রয়েছেন। এত বিপুলসংখ্যক মানুষের সেবা নিশ্চিত করতে সীমিতসংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে হিমশিম খেতে হয়। প্রবাসীদের সেবা সহজ করতে হাইকমিশন সাপ্তাহিক ছুটির দিনেও বিভিন্ন রাজ্যে গিয়ে কনস্যুলার সেবা প্রদান করছে। তবে এসব কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে।

সম্প্রতি মালয়েশিয়া সফরে আসেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এ সময় প্রবাসী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় আলোচনায় তিনি বাংলাদেশের শ্রমবাজার, মালয়েশিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থী এবং বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসীদের খোঁজখবর নেন।

আলোচনার একপর্যায়ে বাংলাদেশ হাইকমিশনের সেবার মান নিয়ে কথা উঠলে আইয়ুব ভূঁইয়া বলেন, তিনি বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করছেন। যেখানেই যান, সেখানকার বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম ও প্রবাসীদের অভিজ্ঞতা সম্পর্কে জানার চেষ্টা করেন। তার অভিজ্ঞতা অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সেবা নিয়ে প্রবাসীদের অভিযোগের শেষ নেই।

তিনি বলেন, দূতাবাসে কর্মরত কিছু কর্মকর্তা-কর্মচারীর অদক্ষতা, আন্তরিকতার অভাব এবং অসততার কারণে প্রবাসীরা প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হন। দূতাবাস চাইলে সেবার মান আরো উন্নত করা সম্ভব। কিছু কর্মকর্তা আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করলেও অন্য কিছু কর্মকর্তা-কর্মচারীর অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে কাঙ্ক্ষিত উদ্যোগ বাধাগ্রস্ত হয়।

আইয়ুব ভূঁইয়া আরো বলেন, অনেক কর্মকর্তা-কর্মচারীর মনোযোগ প্রমোশন এবং বিভিন্ন খাত ও কর্মসূচির নামে সরকারি অর্থ উত্তোলনের দিকে বেশি থাকে বলে অভিযোগ রয়েছে। অথচ প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী চালিকাশক্তি। রেমিট্যান্সযোদ্ধাদের যথাযথ রাষ্ট্রীয় সেবা ও মর্যাদা নিশ্চিত না করে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

তিনি প্রবাসী সাংবাদিকদের উদ্দেশে বলেন, প্রবাসীদের সাথে ঘটে যাওয়া অন্যায়, তাদের সমস্যা, অধিকার ও ন্যায্য দাবিগুলো গণমাধ্যমে তুলে ধরতে হবে। এসব বিষয় রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের নজরে আনতে সাংবাদিকদের আরো সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন।

এ সময় তিনি প্রবাসে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়ার কথাও মনোযোগ দিয়ে শোনেন। প্রবাসী সাংবাদিকদের দাবিগুলো সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি এবং বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও মালিকপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার সভাপতি মো. আমিনুল ইসলাম রতন, সহসভাপতি আশরাফুল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুল হক, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দপ্তর ও প্রচার সম্পাদক সওকত হোসেন জনি এবং প্রবাসী উদ্যোক্তা মো. মেহেদী হাসান, মো. জাকির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Logo