মালয়েশিয়ার খবর
বিদেশি শ্রমিক নির্ভরতা কমাতে চায় মালয়েশিয়া সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৩:৪০
মালয়েশিয়া সরকার চায় বিপজ্জনক, কঠিন ও নোংরা কাজগুলো বিদেশি শ্রমিকদের দিয়ে করানো হোক। অন্যদিকে উৎপাদন ও শিল্প খাতের অন্যান্য কাজে স্থানীয় নাগরিকদের নিয়োগ বাড়াতে চায় দেশটি।
এ জন্য বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা করছে সরকার। দেশটির বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতুক সেরি জোহরি আবদুল গনি পার্লামেন্টে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ২৬ লাখ বৈধ বিদেশি শ্রমিক কাজ করছেন। অবৈধ শ্রমিকদের এই হিসাবের বাইরে রাখা হয়েছে। অথচ স্থানীয়দের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নেওয়া ৪ লাখের বেশি কর্মী রয়েছেন।
তারপরও অনেক প্রতিষ্ঠান বিদেশি শ্রমিক নিয়োগের ওপর নির্ভর করছে। মন্ত্রীর অভিযোগ, শত শত কোটি রিঙ্গিত মুনাফা করা কিছু প্রতিষ্ঠানও স্থানীয় কর্মীদের মাসে ২ হাজার রিঙ্গিত বেতন দিতে চায় না। তারা ১ হাজার ৭০০ রিঙ্গিতের ন্যূনতম বেতনেই কর্মী নিতে আগ্রহী।
এমনকি কারিগরি প্রশিক্ষণ নেওয়া স্থানীয়দেরও বিদেশি শ্রমিকদের সমান বেতন দিতে চায়। নতুন শিল্পপ্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও বিদেশি শ্রমিকনির্ভর ব্যবসাকে নিরুৎসাহিত করার কথা জানিয়েছে সরকার।
প্রবাসীদের জন্য বার্তা হলো মালয়েশিয়ায় ভবিষ্যতে বিদেশি শ্রমিক নিয়োগের সুযোগ সীমিত হতে পারে, বিশেষ করে উৎপাদন ও কারখানা খাতে। তবে বিপজ্জনক, কঠিন ও নোংরা কাজের জন্য বিদেশি শ্রমিকদের প্রয়োজন থাকায় এসব কাজে কর্মসংস্থানের সুযোগ অব্যাহত থাকতে পারে।
logo-1-1740906910.png)