মালয়েশিয়ায় হুন্ডি ব্যবসার অভিযোগে ৮ বাংলাদেশি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৯:০৯
মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান আরো জোরদার করা হয়েছে। দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক জাকারিয়া শাবান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিদেশিদের বসবাসের এলাকা ছাড়াও অবৈধ ব্যবসা ও অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমন এক সময় তিনি এই হুঁশিয়ারি দিলেন, যখন ২৭ অক্টোবর তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আট বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
তাদের বিরুদ্ধে কুয়ালালামপুরের চাউকিট এলাকায় অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগ আনা হয়েছে। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালকের বরাত দিয়ে বারনামার প্রতিবেদনে বলা হয়, খুচরা ও পাইকারি ব্যবসার আড়ালে চক্রটি ক্লাং ভ্যালিতে বসবাসরত বাংলাদেশিদের লক্ষ্য করে হুন্ডি কার্যক্রম পরিচালনা করছিল।
বিদেশি এজেন্টদের নামে নিবন্ধিত ই-ওয়ালেট ও স্থানীয় ব্যাংক হিসাব ব্যবহার করে অর্থ লেনদেন করা হতো। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এসব হিসাবে ১ লাখ ৮০ হাজার রিঙ্গিতের বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে।
অভিযানে ২৪ হাজার ৭২০ রিঙ্গিত নগদ অর্থ, পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট, পাঁচটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, সিসিটিভি সরঞ্জাম ও ব্যবসায়িক নথি জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে আটক আটজনের মধ্যে দুজনের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার এবং ছয়জনের ইমিগ্রেশন পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।
logo-1-1740906910.png)