চীন ভ্রমণ, ব্যবসা, উচ্চশিক্ষা বা অন্যান্য কাজে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য জানা গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভারতে চীনের ভিসা আবেদন ব্যবস্থায় পরিবর্তন এলেও তা বাংলাদেশের আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বাংলাদেশে অবস্থানরত সাধারণ পাসপোর্টধারীদের চীনের ভিসার আবেদন করতে হবে ঢাকার চীনা ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে।
প্রথমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। অনলাইন আবেদন জমা দেওয়ার পর প্রাথমিক যাচাই শেষে আবেদনকারীকে পরবর্তী ধাপ সম্পর্কে জানানো হবে।
ঢাকার ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা: তৃতীয় তলা, প্রসাদ ট্রেড সেন্টার, ৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা।
আবেদন জমা ও ফি পরিশোধ করা যায় রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। পাসপোর্ট ও নথিপত্র সংগ্রহ করা যায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বর্তমান ঘোষিত ফি অনুযায়ী:
- একবার প্রবেশ (Single Entry) ভিসা: ২,৪০০ টাকা
- দুইবার প্রবেশ (Double Entry) ভিসা: ৩,৬০০ টাকা
- ছয় মাস মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা: ৪,৮০০ টাকা
দ্রুত বা জরুরি প্রসেসিং সেবা নিলে অতিরিক্ত ফি প্রযোজ্য হবে। এছাড়া ভিসা আবেদন কেন্দ্রের আলাদা সার্ভিস চার্জও থাকতে পারে।
আবেদনপত্রে তথ্য নির্ভুলভাবে দিতে হবে এবং প্রয়োজনীয় সব নথি আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর নিয়মিত অনলাইনে আবেদনের অবস্থা পর্যবেক্ষণ করা উচিত। অতিরিক্ত নথি বা সাক্ষাৎকারের নির্দেশনা এলে নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করতে হবে।
চীনা ভিসা নিশ্চিত করে দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আবেদনকারীদের সরাসরি সরকারি অনুমোদিত ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, ভিসা আবেদন করার আগে সর্বশেষ নির্দেশনা, প্রয়োজনীয় কাগজপত্র ও হালনাগাদ ফি সম্পর্কে তথ্য সরকারি ওয়েবসাইট থেকে যাচাই করে নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।
logo-1-1740906910.png)