Logo
×

Follow Us

এশিয়া

ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:০০

ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়

ওয়ার্ক পারমিট ভিসায় মালয়েশিয়ায় ভালো চাকরির আশ্বাস দিয়ে দুই তরুণকে ভিজিট ভিসায় নিয়ে জিম্মি ও নির্যাতন করে মুক্তিপণ আদায়ের অভিযোগে মাসুদ করিম (৫০) নামে এক আদম ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৩ অক্টোবর দুপুরে রাজধানীর পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, আসামি মাসুদ করিমের মালিকানাধীন 'তাহসিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস' নামক প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সাথে যোগসাজশে এমন অপরাধ পরিচালিত হচ্ছিল।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভুক্তভোগীদের মালয়েশিয়ায় উচ্চ বেতনের কাজের প্রতিশ্রুতি দেওয়া হলেও কৌশলে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কুয়ালালামপুরে পাঠানো হয়। সেখানে অবতরণের পর আন্তর্জাতিক পাচারকারী চক্রের সদস্যরা বিমানবন্দর থেকেই তাদের অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে আটকে রাখে। এরপর স্বজনদের কাছে মোবাইল ফোনে কল দিয়ে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয় এবং তা না দিলে ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি ও অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের পর পাচারকারীরা ভুক্তভোগীদের ওপর ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে দুই লাখ টাকা মুক্তিপণ আদায় করে। দেশে ফিরে আসার পর ভুক্তভোগীদের একজন বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। মানিলন্ডারিং অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মাসুদ করিম ও তার ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে নিয়মিত মামলা নথিভুক্ত করা হয়।

সিআইডি জানিয়েছে, মানব পাচার ও মানিলন্ডারিং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এই আন্তর্জাতিক চক্রটির পেছনে দেশে ও বিদেশে অবস্থানরত অন্য সহযোগীদের শনাক্ত করা এবং এই এজেন্সির মাধ্যমে প্রতারিত হওয়া আরও সম্ভাব্য ভুক্তভোগীদের তথ্য উদ্ধারে অভিযান পরিচালিত হচ্ছে।

বিদেশে কাজের সন্ধানে যাওয়া কর্মী ও সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা জারি করেছে সিআইডি। প্রলোভনে পড়ে কোনো ব্যক্তি বা অননুমোদিত ট্রাভেল এজেন্সির হাতে যাচাই-বাছাই ছাড়া নগদ অর্থ বা মূল পাসপোর্ট হস্তান্তর না করার অনুরোধ জানানো হয়েছে। সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এবং ভিসা সঠিক কিনা, তা বিএমইটির মাধ্যমে যাচাই করে বিদেশে যাওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি।

পাশাপাশি কাজের ভিসার নামে অস্বাভাবিক অর্থ দাবি, কোনো স্থানে আটকে রাখা বা ভ্রমণসংক্রান্ত প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা সরাসরি সিআইডিকে অবহিত করার জন্য বলা হয়েছে।

Logo