Logo
×

Follow Us

এশিয়া

লোজিংয়ে ভূমিধসে চাপা পড়া বাংলাদেশির মরদেহ উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ২০:২০

লোজিংয়ে ভূমিধসে চাপা পড়া বাংলাদেশির মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার কেলান্তানের গুয়া মুসাংয়ের লোজিং হাইল্যান্ডসে ভূমিধসে চাপা পড়া এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ ৪ অক্টোবর উদ্ধার করেছে দেশটির উদ্ধারকারী দল। নিহত প্রবাসীর নাম মো. ফাহাদ হোসেন, বয়স ২৭ বছর। তিনি লোজিংয়ের একটি সবজি খামারে কাজ করতেন।

এর আগে ২ অক্টোবর বিকেলে জালান লামা লোজিং এলাকার একটি সবজি খামারের শ্রমিকদের থাকার ঘর ভূমিধসে চাপা পড়ে। ওই ঘটনায় ফাহাদ নিখোঁজ হন। প্রবল বৃষ্টির কারণে উদ্ধার অভিযান শুরু করতে গিয়ে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হয় উদ্ধারকারী দলকে। প্রথম দিনের অভিযান নিরাপত্তার কারণে স্থগিত করা হয়েছিল। 

রোববার সকাল প্রায় ৮টা ৫৫ মিনিটে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় ৫০ মিটার উঁচু মাটির স্তূপ সরাতে খননযন্ত্র ব্যবহার করা হয়। তিনটি প্রশিক্ষিত কুকুরসহ মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রায় ২০ জন সদস্য অভিযানে অংশ নেন।  

দুপুর ১২টা ৫৫ মিনিটে কে৯ ইউনিটের কুকুর ‘ফ্র্যাঙ্কি’র সংকেত অনুসরণ করে মাটির নিচে ফাহাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে খনন করে তার মরদেহ উদ্ধার করা হয় এবং দুপুর ১টা ১০ মিনিটে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মালয়েশিয়ার লোজিং ও পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সময় ভূমিধসের ঝুঁকি বেশি। নিরাপত্তা সতর্কতা ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা জরুরি প্রবাসী বাংলাদেশিদের।



Logo