মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান এখন শুধু বিদেশিদের আটকের মধ্যে সীমাবদ্ধ থাকছে না; অবৈধ কর্মী নিয়োগ ও আশ্রয় দেওয়া নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এ সতর্কবার্তা দিয়েছেন। ৩ অক্টোবরের Berita RTM প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১০ হাজার ৩৭৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১ লাখ ৩৭ হাজার ৬০৩ জনকে পরীক্ষা করে ৩৭ হাজার ৩১৩ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে ১ হাজার ৮০৯ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়, যাদের ১ হাজার ৬৯২ জনই মালয়েশিয়ার নাগরিক।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অভিযান এখন প্রতিদিন চলবে; এটি কোনো মৌসুমি কার্যক্রম নয়। বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশ, নকল নথি ব্যবহার ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান; কোনোটিই ছাড় পাবে না। অবৈধ কর্মী নিয়োগ বা তাদের আশ্রয় দিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়া নিয়োগকর্তাদেরও আইনের আওতায় আনা হবে।
এদিকে, প্রতিবেদনে বলা হয়েছে, বৈধ লাইসেন্সবিহীন বিদেশিকে গাড়ি চালাতে দিলে মালিকও আইনি ও বীমা জটিলতায় পড়তে পারেন।
logo-1-1740906910.png)