বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডের ভিসা জটিলতা নিরসনের চেষ্টা চলছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বৃহস্পতিবার থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা ও কনস্যুলার বিষয়ক ভারপ্রাপ্ত উপ-স্থায়ী সচিব সুভত চিরাপান্তের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বাংলাদেশিদের ঝুলে থাকা ভিসা আবেদন দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, প্রতি বছর হাজার হাজার বাংলাদেশিকে ভিসা দেয়ার জন্য থাই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তবে সাম্প্রতিক সময়ে আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব উদ্বেগজনক। বিশেষ করে চিকিৎসার জন্য যারা আবেদন করছেন, তাদের বিষয়টি থাই সরকারকে বিশেষভাবে বিবেচনা করতে হবে।
বৈঠকে থাই কর্মকর্তারা আশ্বাস দেন, ঝুলে থাকা ভিসার আবেদনগুলো দ্রুত সম্পন্ন করা হবে। একই সঙ্গে ভিসা প্রক্রিয়া আরো সহজ করার প্রতিশ্রুতিও দেন তারা।
প্রসঙ্গত, থাইল্যান্ডের ভিসার আবেদন করে অনেক বাংলাদেশি পাসপোর্টই ফেরত পাচ্ছেন না। গত দুই মাস ধরে ঢাকার থাই দূতাবাসে প্রায় ২০ হাজার আবেদনকারীর পাসপোর্ট আটকে আছে। এতে ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।
বাংলাদেশি নাগরিকদের জন্য এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। কারণ প্রবাসী ও ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ হওয়া মানে আন্তর্জাতিক যোগাযোগ আরো স্বচ্ছ ও কার্যকর হওয়া।
logo-1-1740906910.png)