Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় শ্রমিকের ন্যূনতম বেতন হতে পারে ২ হাজার রিঙ্গিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৬

মালয়েশিয়ায় শ্রমিকের ন্যূনতম বেতন হতে পারে ২ হাজার রিঙ্গিত

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী কর্মীদের জন্য ন্যূনতম বেতন বাড়ানোর প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে দেশটিতে। মালয়েশিয়ায় কর্মীদের বর্তমানে ন্যূনতম বেতন ১৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার প্রস্তাব বিবেচনা করছে সরকার। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

মালয়েশিয়ার অর্থমন্ত্রী আকমল নাসরুল্লাহ বলেছেন, শ্রমিকদের কল্যাণের পাশাপাশি ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতাও বিবেচনায় নেওয়া হচ্ছে। ফলে বেতন বাড়ানোর সিদ্ধান্ত এমনভাবে বাস্তবায়ন করতে চায় সরকার, যাতে শ্রমিক ও নিয়োগকর্তা দুই পক্ষের ওপরই ভারসাম্য থাকে। মালয়েশিয়ার দৈনিক সিনার হারিয়ান খবরে এ তথ্য জানানো হয়েছে। 

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ৯ অক্টোবর বাজেট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ বিষয়ে ঘোষণা দিতে পারেন। 

প্রস্তাবটি বাস্তবায়িত হলে ন্যূনতম বেতনে থাকা বিদেশি শ্রমিকদের আয়ও বাড়তে পারে। তবে কোন খাতে, কোন শ্রমিকের জন্য এবং কবে থেকে নতুন হার কার্যকর হবে, সেটি চূড়ান্ত সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

এদিকে, মানবসম্পদমন্ত্রী রামানান রামাকৃষ্ণান জানিয়েছেন, ২ হাজার, ২ হাজার ১০০, ২ হাজার ২০০ রিঙ্গিত কোনো অঙ্কই এখনো অনুমোদিত নয়। 

ফলে মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের ন্যুনতম বেতন কত বাড়ছে, তার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।

Logo