Logo
×

Follow Us

এশিয়া

বিশ্বে দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬

বিশ্বে দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার

মালয়েশিয়ার পাসপোর্ট এখন বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট ইনডেক্স গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে দেশটি সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাত।

এই র‍্যাঙ্কিং অনুযায়ী মালয়েশিয়ার পাসপোর্টধারীরা ১৭৫টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারবেন। এর মধ্যে ১২৯টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায়, আর ৪৬টি দেশে পৌঁছানোর পর ভিসা পাওয়া যায়। মাত্র ২৩টি দেশে আগাম ভিসা নিতে হয়।

এভাবে মালয়েশিয়া স্পেনসহ ইউরোপের ১৬টি দেশকে ছাড়িয়ে গেছে। জার্মানি, ইতালি, নরওয়ে, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও সুইডেনের মতো দেশগুলো এখন মালয়েশিয়ার নিচে অবস্থান করছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বলেছে, এই র‍্যাঙ্কিং দেশের পাসপোর্টের শক্তি ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতিফলন।

পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করে আর্টন ক্যাপিটাল, একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যা বিনিয়োগ অভিবাসন ও নাগরিকত্ব পরিকল্পনায় কাজ করে। তারা ১৯৯টি গন্তব্যের তথ্য রিয়েল-টাইমে আপডেট করে। এই তালিকা হেনলি পাসপোর্ট ইনডেক্সের থেকে আলাদা, কারণ হেনলি তালিকা আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্য ব্যবহার করে। ফলে দুই তালিকার র‍্যাঙ্কিংয়ে পার্থক্য থাকতে পারে।

মালয়েশিয়ার নতুন পাসপোর্টে এসেছে বড় পরিবর্তন। ২০২৬ সালের আগস্ট থেকে আন্তর্জাতিক পাসপোর্টের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১০ বছর। এতে ঘন ঘন নবায়নের ঝামেলা কমবে, কাগজপত্র কমবে এবং ভ্রমণকারীদের সময় বাঁচবে।

নতুন পাসপোর্টে যুক্ত হয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যে রয়েছে গুইলোশ প্যাটার্ন, ল্যাটেন্ট ইমেজ, রেইনবো প্রিন্টিং, লাইন উইডথ মড্যুলেশন, হোলোগ্রাম ও আল্ট্রাভায়োলেট প্রিন্টিং।

শুধু নিরাপত্তা নয়, পাসপোর্টের পাতায় যুক্ত করা হয়েছে মালয়েশিয়ার ঐতিহাসিক স্থাপনার বিশেষ নকশা। এগুলো সাধারণ চোখে দেখা যায় না, কেবল আল্ট্রাভায়োলেট আলোতে দৃশ্যমান হয়।

Logo