Logo
×

Follow Us

এশিয়া

নেপালে বন্যা: বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

নেপালে বন্যা: বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস নেপালে ভ্রমণরত বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক করেছে। দূতাবাস বলেছে, ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে নেপালের অনেক এলাকায় পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে। আবহাওয়া ও সামগ্রিক অবস্থা উন্নত না হওয়া পর্যন্ত এসব এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

২৭ সেপ্টেম্বর রাতে জারি করা সতর্কবার্তায় দূতাবাস বিশেষভাবে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় সতর্ক থাকতে বলেছে। টানা বৃষ্টি ও তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম ভূখণ্ডে উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।

নেপালি কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাং অঞ্চলের কয়েকটি জনপ্রিয় ট্রেকিং রুট বন্ধ করে দিয়েছে। এর মধ্যে রয়েছে তিলিচো লেক, থোরং লা পাস, আইস লেক, কাং লা ও বিমথাং।

দূতাবাস আরো জানিয়েছে, পোখারা ও আশপাশের এলাকায় ভ্রমণের সময়ও সতর্ক থাকতে হবে। ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। কাছাকাছি ট্রেকিং গন্তব্যে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশি পর্যটকদের মস্তাং, জোমসোম ও অন্যান্য পাহাড়ি এলাকায় যাওয়ার আগে গণ্ডকি প্রদেশের সড়ক পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য নিতে বলা হয়েছে। কারণ যে কোনো সময় রুট বন্ধ হয়ে যেতে পারে।

দূতাবাস বলেছে, যারা ট্রেকিং, মাউন্টেনিয়ারিং বা পাহাড়ি এলাকায় ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা অবশ্যই সর্বশেষ তথ্য যাচাই করবেন। বিশেষ করে অন্নপূর্ণা, মানাং, মস্তাং ও মানাসলু অঞ্চলে ভ্রমণের আগে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে।

যারা ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করছেন, তাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। ভ্রমণের আগে আবহাওয়া ও সড়ক পরিস্থিতি যাচাই করতে হবে। নিয়মিতভাবে ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।

দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নেপালি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রয়োজন হলে আরো আপডেট দেওয়া হবে।

Logo