২০২৬ সালের বিশ্বের সেরা এয়ারলাইন হিসেবে নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। বিমান চলাচল খাতের ‘অস্কার’ নামে পরিচিত স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে এ স্বীকৃতি দেওয়া হয়। যুদ্ধ, জলবায়ু সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি ও যাত্রীদের নানা অসদাচরণের মধ্যেও প্রতিষ্ঠানটি যাত্রীসেবায় শীর্ষে উঠে এসেছে।
এ নিয়ে ষষ্ঠবার বিশ্বের সেরা এয়ারলাইন হলো সিঙ্গাপুর এয়ারলাইন্স। এর আগে ২০২৩, ২০১৮ এবং ২০০০-এর দশকে তারা একই পুরস্কার পেয়েছিল। গত বছর বিজয়ী কাতার এয়ারওয়েজ এবার দ্বিতীয় হয়েছে। কাতার এয়ারওয়েজ গত ১৫ বছরে ৯ বার এই পুরস্কার জিতেছে।
শীর্ষ ছয়ে কাতারের পর রয়েছে ক্যাথে প্যাসিফিক, জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ, তুর্কিশ এয়ারলাইন্স ও এমিরেটস। যুক্তরাষ্ট্রের কোনো এয়ারলাইন এবার শীর্ষ ২০-এ জায়গা পায়নি। উত্তর আমেরিকা থেকে একমাত্র এয়ার কানাডা তালিকায় ছিল।
সিঙ্গাপুর এয়ারলাইন্স সেরা ইকোনমি ক্লাস ও ইকোনমি ক্যাটারিংয়ের পুরস্কারও পেয়েছে। কাতার এয়ারওয়েজ জিতেছে সেরা বিজনেস ক্লাস, ইন-ফ্লাইট ওয়াই-ফাই ও বিজনেস ক্লাস লাউঞ্জ। ক্যাথে প্যাসিফিক পেয়েছে সেরা কেবিন ক্রু ও ফার্স্ট ক্লাস লাউঞ্জের স্বীকৃতি।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্রধান নির্বাহী গোহ চুন ফং বলেছেন, এই পুরস্কার তাদের কর্মীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি। অন্যান্য বিভাগে এয়ার ফ্রান্স সেরা ফার্স্ট ক্লাস, ইভিএ এয়ার সেরা প্রিমিয়াম ইকোনমি এবং এয়ারএশিয়া সেরা বাজেট এয়ারলাইন হয়েছে। এশিয়ায় সেরা হয়েছে ব্যাংকক এয়ারওয়েজ, আফ্রিকায় ইথিওপিয়ান এয়ারলাইনস, দক্ষিণ আমেরিকায় লাতাম এবং ইউরোপে তুর্কিশ এয়ারলাইন্স।
পুরস্কার অনুষ্ঠানে বিমান চলাচল খাতের সংকটও আলোচনায় আসে। ইরান সংঘাত, ইউক্রেন যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি, নতুন উড়োজাহাজ সরবরাহে বিলম্ব এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের অবনতির বিষয়গুলো নিয়ে কর্মকর্তারা মত দেন। স্কাইট্র্যাক্সের প্রধান নির্বাহী অ্যাডওয়ার্ড প্লেইস্টেড বলেন, প্রতিকূল সময়েও যাত্রীসেবার মান উন্নত হচ্ছে। এয়ার কানাডার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মার্ক নাসর বলেন, ভবিষ্যতে যেসব এয়ারলাইন প্রিমিয়াম সেবার জন্য বেশি মূল্য নিতে পারবে, তারাই টিকে থাকবে।
logo-1-1740906910.png)