মালয়েশিয়ার খবর
মালয়েশিয়ার লেবুহ পুদুতে ৪৭২ বিদেশি আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪০
মালয়েশিয়ায় এক অভিযানে ৪৭২ বিদেশি আটক! তাদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। কী কারণে এত মানুষকে আটক করা হলো?
কুয়ালালামপুরের ব্যস্ত এলাকা লেবুহ পুদুতে বড় ধরনের অভিযান চালিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। যে এলাকাটিতে প্রবাসী বাংলাদেশিদের আধিক্যের কারণে মিনি ঢাকা নামেও ডাকা হয়। বহু সংস্থার সমন্বয়ে চালানো এই অভিযানে প্রায় ২ হাজার ৫০০ বিদেশিকে যাচাই করা হয়। সেখান থেকে আটক করা হয়েছে ৪৭২ জনকে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ এবং ৩৩ জন নারী। আটকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ফিলিপাইন, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানানো হয়নি।
কর্তৃপক্ষের অভিযোগ, অনেকের বৈধ কাগজপত্র ছিল না, ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল অথবা অনুমোদনহীন নথি ব্যবহার করা হয়েছিল।
আটক ব্যক্তিদের তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে। তবে যাদের বৈধ ভ্রমণ নথি ও ওয়ার্ক পারমিট পাওয়া গেছে, তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিদের জন্য এই অভিযান আবারো একটি সতর্কবার্তা। ভিসা ও কাজের অনুমতিপত্র বৈধ আছে কিনা, তা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৈধতা না থাকলে দেশেই ফিরে যাওয়াই হবে শ্রমিকদের জন্য বুদ্ধিমানের কাজ। তা না হলে জেল-জরিমানা হতে পারে।
logo-1-1740906910.png)