মালয়েশিয়ার তেরেংগানুর দুঙ্গুনে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের হোস্টেলের লকার থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ১৯ বছর বয়সী এক ছাত্রীকে ঘিরে তদন্ত শুরু হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর ওই ছাত্রী প্রতিষ্ঠানের একটি টয়লেটে সন্তান প্রসব করেন বলে ধারণা করা হচ্ছে। পরে নবজাতকের মরদেহ কাপড়ে মুড়িয়ে একটি ব্যাগে ভরে হোস্টেলের লকারে রাখেন বলে অভিযোগ।
দুঙ্গুন জেলা পুলিশপ্রধান নিক আব হালিম নিক মাত জানান, বৃহস্পতিবার রাত ১০টা ৪৮ মিনিটে মরদেহ উদ্ধারের বিষয়ে পুলিশ খবর পায়। শিশুটির গর্ভকাল প্রায় আট মাস ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জন্মের পরই শিশুটির মৃত্যু হয়েছে বলেও প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। (দ্য স্টার)
ঘটনাটি প্রকাশ্যে আসে একটি মসজিদ কর্তৃপক্ষের মাধ্যমে। তারা ওই শিক্ষাপ্রতিষ্ঠানকে জানায়, ছাত্রীটি শিশুটির দাফনের ব্যবস্থা করতে সহায়তা চেয়েছিলেন। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।
পুলিশ ঘটনাস্থল পরীক্ষা করেছে এবং কয়েকজনের বক্তব্য নিয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য দুঙ্গুন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মালয়েশিয়ার আইনে সন্তান জন্ম দেওয়ার ঘটনা গোপন করার অভিযোগে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরো তথ্য পাওয়া যাবে।
logo-1-1740906910.png)