Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় বড়োসড়ো অভিযানে বিভিন্ন দেশের ১১৯৬ প্রবাসী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৬

মালয়েশিয়ায় বড়োসড়ো অভিযানে বিভিন্ন দেশের ১১৯৬ প্রবাসী আটক

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ায় সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৯ সেপ্টেম্বর) একযোগে দেশের চারটি শিল্পাঞ্চলের ৪০টি কারখানায় অভিযান চালিয়ে ১ হাজার ১৯৬ জন বিদেশি কর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৭১৫ জন কর্মকর্তা অংশ নেন। তাদের সঙ্গে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ ও সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরাও ছিলেন।

ইমিগ্রেশন বিভাগ জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এসব কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে মোট ২ হাজার ১৫৯ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং পাসের শর্ত ভঙ্গের অভিযোগে ১ হাজার ১৯৬ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬৩ বছর। তাদের মধ্যে ৯৪৬ জন পুরুষ এবং ২৫০ জন নারী। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ভারত ও নেপালের নাগরিকরা রয়েছেন। তবে আটক বাংলাদেশির সংখ্যা এখনো প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ।

এদিকে অবৈধ অভিবাসীদের কাজ ও আশ্রয় দেওয়ার অভিযোগে ৩৭ জন মালয়েশিয়ান নাগরিক ও নিয়োগকর্তাকে তদন্তের জন্য আইনি নোটিশ দেওয়া হয়েছে। আটক বিদেশিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ফলে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট, ভিসা ও বৈধ কাজের অনুমতিপত্র হালনাগাদ রাখা এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Logo