মালয়েশিয়ার খবর
পুত্রজায়ায় ইমিগ্রেশনের অভিযান, আটক ৩২৫ বিদেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮
মালয়েশিয়ার পুত্রজায়ায় ইমিগ্রেশনের অভিযানে ৩২৫ জন বিদেশি আটক হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল ও থাইল্যান্ডের নাগরিক। ৯ সেপ্টেম্বর এই অভিযানের কথা জানানো হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ২৭০ জন পুরুষ এবং ৫৫ জন নারী। আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি, সেই সংখ্যা জানায়নি ইমিগ্রেশন। অভিযানের সময় ৭৪০ জনকে জিজ্ঞাসাবাদ ও যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এসব বিদেশিকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি বা অনুমতিপত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করা, পাসের শর্ত ভঙ্গ করা এসব অভিযোগ আনা হয়েছে। অভিযানে পুত্রজায়ার ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরের ১২৭ জন কর্মকর্তা অংশ নেন।
ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি চালানোর পর এ অভিযান পরিচালনা করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশজুড়ে অবৈধ অভিবাসী, পাসের অপব্যবহার এবং অভিবাসন সুবিধার অপব্যবহার ঠেকাতে অভিযান আরো জোরদার করা হবে।
পাশাপাশি অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের নিয়োগ, আশ্রয় বা সহায়তা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
logo-1-1740906910.png)