Logo
×

Follow Us

এশিয়া

ভয়ে মালয়েশিয়া ছাড়ছেন অবৈধ অভিবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১

ভয়ে মালয়েশিয়া ছাড়ছেন অবৈধ অভিবাসীরা

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হওয়ায় কাগজপত্রহীন বিদেশিদের মধ্যে দেশে ফেরার প্রবণতা বাড়ছে। গ্রেপ্তার, মামলা ও কারাবন্দিত্ব এড়াতে অনেকেই সরকারের অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি-২ (পিআরএম ২.০)-এর আওতায় জরিমানা দিয়ে দেশে ফিরছেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, ২০২৬ সালের ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও কর্মসূচি বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে। বিপুলসংখ্যক বিদেশির সাড়া এবং কর্মসূচির কার্যকারিতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২ দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অনিবন্ধিত অভিবাসী কর্মসূচিতে নিবন্ধন করেছেন। এ সময় সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় ১২৭ কোটি রিঙ্গিত। তবে নিবন্ধনকারী ও দেশে ফিরে যাওয়া ব্যক্তির সংখ্যা এক নয়। ২০২৬ সালের ১৫ এপ্রিল পর্যন্ত দুই লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশি দেশে ফিরেছেন।

ইমিগ্রেশন বিভাগের হিসাবে, কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ইন্দোনেশিয়ার নাগরিক সবচেয়ে বেশি। এরপরই রয়েছে বাংলাদেশিরা। যদিও পৃথকভাবে কতজন বাংলাদেশি দেশে ফিরেছেন, সে বিষয়ে প্রকাশ্য পরিসংখ্যান দেওয়া হয়নি।

মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী, বৈধ পাস ছাড়া প্রবেশ বা অবস্থানের ক্ষেত্রে ৫০০ রিঙ্গিত জরিমানা এবং পাসের শর্ত ভঙ্গের ক্ষেত্রে ৩০০ রিঙ্গিত জরিমানা নির্ধারিত রয়েছে। তবে আগের কর্মসূচিতে নিবন্ধন করেও যারা দেশে ফেরেননি বা কালো তালিকাভুক্ত হয়েছেন, তারা এ সুবিধা পাবেন না।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন অবৈধ বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছে। প্রথম সচিব (প্রেস) তরিকুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে পিআরএম ২.০-এর সুযোগ নিয়ে আইনসম্মতভাবে দেশে ফিরতে হবে। তিনি সতর্ক করেছেন, আবেদন করতে কোনো দালাল বা তৃতীয় পক্ষকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। নিজের আবেদন নিজেকেই করতে হবে।

দেশে ফিরতে বৈধ ও মেয়াদযুক্ত পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট না থাকলে বা মেয়াদ শেষ হয়ে গেলে হাইকমিশন থেকে ভ্রমণ অনুমতিপত্র নেওয়া যাবে। এরপর নিশ্চিত বিমান টিকিট নিয়ে নির্ধারিত ইমিগ্রেশন কার্যালয়ে আবেদন করতে হবে।

Logo