Logo
×

Follow Us

এশিয়া

রোগী সংকটে কলকাতার হাসপাতালগুলো; বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭

রোগী সংকটে কলকাতার হাসপাতালগুলো; বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি

কলকাতায় চিকিৎসা পর্যটনে নেমেছে ধস। পরিস্থিতি সামাল দিতে বড় হাসপাতালগুলো বিশেষ উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ থেকে আসা রোগীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে তারা লিয়াজোঁ টিম পাঠাচ্ছে এবং স্থানীয় বৈধ হোটেলগুলোর সঙ্গে চুক্তি করছে।

সম্প্রতি কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নাগরিকসহ ৯ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর স্থানীয় প্রশাসন সস্তা হোটেলের বিরুদ্ধে অভিযান চালায়। এরপর কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন একটি ভ্রমণ নির্দেশিকা জারি করে, যেখানে বলা হয় চিকিৎসাসহ যেকোনো কাজে কলকাতায় যাওয়ার আগে বৈধ ও অগ্নিনির্বাপক ছাড়পত্র থাকা নিরাপদ হোটেলে কক্ষ বুক করতে হবে।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ থেকে আসা অনেক রোগী সড়কপথে ভারতে যান এবং কলকাতায় পৌঁছে কম খরচে থাকার জায়গা খোঁজেন। আগে থেকে নিরাপত্তা ছাড়পত্রযুক্ত হোটেল বুক করা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি রোগীর সংখ্যা কিছুটা কমেছে।

এই সমস্যা সমাধানে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কলকাতার একাধিক বড় হাসপাতালের প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তারা রোগী ও স্বজনদের সঙ্গে সরাসরি দেখা করে ভ্রমণ নির্দেশিকা দেবেন এবং নিরাপদ আবাসন বুকিংয়ে সহায়তা করবেন।

বিপি পোদ্দার হাসপাতালের গ্রুপ অ্যাডভাইজার সুপ্রিয় চক্রবর্তী জানান, তাদের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে বাংলাদেশে যাবে। পাশাপাশি দক্ষিণ কলকাতায় নিজস্ব নিরাপদ আবাসন সুবিধা গড়ে তোলা হচ্ছে।

উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালের সিইও রূপক বরুয়া বলেন, আলিপুর এলাকার বেশ কয়েকটি হোটেল ও গেস্ট হাউসের সঙ্গে চুক্তি করা হয়েছে। রোগীদের তালিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা আগে থেকেই রুম বুক করতে পারেন। তিনি আরো বলেন, দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য অনেক সময় রোগীদের হোটেলে থাকতে হয়, তাই নিরাপদ আবাসন নিশ্চিত করা জরুরি।

রুবি জেনারেল হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য একটি ডেডিকেটেড ডেস্ক চালু করেছে। হাসপাতালের অপারেশনস প্রধান শুভাশিস দত্ত জানান, তারা নিকটস্থ নিরাপদ থাকার জায়গার তালিকা তৈরি করে আগেই রোগীদের সঙ্গে শেয়ার করছেন।

ডেসুন হাসপাতালের চেয়ারম্যান সজল দত্ত বলেন, নির্দেশিকার কারণে সাময়িকভাবে কিছুটা স্থবিরতা দেখা দিলেও প্রকৃত চিকিৎসাপ্রার্থীদের কলকাতায় আসা বন্ধ হবে না। রোগীর নিরাপত্তাই তাদের প্রথম অগ্রাধিকার।

Logo