Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের বাসার ঠিকানা নিবন্ধন করতে হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের বাসার ঠিকানা নিবন্ধন করতে হবে

মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের আবাসন ঠিকানা এবার বাধ্যতামূলকভাবে ফোমেমা সিস্টেমে নিবন্ধন করতে হবে। ৭ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। নিয়োগকর্তাদের ওপর কঠোর দায়িত্ব চাপানো হয়েছে, যাতে কর্মীরা কোথায় থাকছেন সেই তথ্য সঠিকভাবে হালনাগাদ থাকে।

ফোমেমার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক বিদেশি কর্মীর যাচাইকৃত আবাসনের ঠিকানা সিস্টেমে দিতে হবে। ঠিকানা নিশ্চিত বা আপডেট না করলে স্বাস্থ্য পরীক্ষার নিবন্ধন সম্পন্ন করা যাবে না। নিয়োগকর্তা ও প্যানেল এজেন্সিকে কর্মীর বর্তমান ঠিকানা যাচাই করতে হবে। কেউ যদি আগের ঠিকানা ছেড়ে অন্য জায়গায় চলে যান, তাহলে নতুন ঠিকানা হালনাগাদ না করলে নিবন্ধন প্রক্রিয়া আটকে যাবে।

আগে কাগজে-কলমে ঠিকানা দিয়ে দায়িত্ব শেষ করা যেত। এখন আর সেই সুযোগ নেই। কর্মী আসলে কোথায় বসবাস করছেন, সেই তথ্য নিশ্চিত করতে হবে। ভুল বা পুরোনো ঠিকানা দিলে স্বাস্থ্য পরীক্ষায় বাধা তৈরি হবে। ফোমেমার মতে, বিদেশি কর্মীদের হালনাগাদ তথ্য রাখা এবং প্রয়োজনে দ্রুত শনাক্ত করার সক্ষমতা বাড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল। অনেকেই নিয়োগকর্তার নির্ধারিত আবাসনের বাইরে থাকেন, কেউ কর্মস্থল বদলান, আবার কেউ সাবকন্ট্রাক্টরের অধীনে কাজ করেন। বৈধ ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও অন্য প্রতিষ্ঠানে কাজ করার ঘটনাও ধরা পড়েছে। এসব ক্ষেত্রে কর্মীর প্রকৃত অবস্থান ও কর্মস্থল সম্পর্কে কর্তৃপক্ষের কাছে সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ে। নতুন নিয়মে সেই ফাঁকফোকর বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।

এখন থেকে একজন বিদেশি শ্রমিক কোথায় থাকছেন, তার সঠিক তথ্যের দায় সরাসরি নিয়োগকর্তার ওপর থাকবে। ফোমেমা স্পষ্ট করেছে, আবাসনের ঠিকানা নিশ্চিত বা হালনাগাদ না হওয়া পর্যন্ত কোনো নিবন্ধন সম্পন্ন করা যাবে না।

ফোমেমা মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ করা প্রতিষ্ঠান। এটি বিদেশি কর্মীদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করে। দেশে প্রবেশের পর প্রত্যেক বিদেশি কর্মীকে ৭২ ঘণ্টার মধ্যে ফোমেমায় নিবন্ধন করতে হয়। এরপর অনুমোদিত প্যানেল ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হয়। এখন থেকে নিবন্ধন প্রক্রিয়ায় আবাসনের ঠিকানা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রে এই নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার বিভিন্ন খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি কাজ করেন। আবাসন পরিবর্তন হলে নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট এজেন্সিকে দ্রুত তথ্য সংশোধন করতে হবে। না হলে স্বাস্থ্য পরীক্ষার নিবন্ধন আটকে যাওয়ার ঝুঁকি থাকবে।

Logo