Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার জোহরে বাংলাদেশিসহ ১২৩ বিদেশি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৮

মালয়েশিয়ার জোহরে বাংলাদেশিসহ ১২৩ বিদেশি আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে দুই দিনের বড় ইমিগ্রেশন অভিযানে ৫ বাংলাদেশিসহ ১২৩ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে সবচেয়ে বেশি আটক হয়েছেন মিয়ানমারের নাগরিক, ৭৪ জন। এছাড়া ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ৬ জন, পাকিস্তানের ৫ জন, চীনের ৯ জন এবং ভিয়েতনামের একজন নাগরিককে আটক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আটক ৫ বাংলাদেশিই পুরুষ এবং তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। মঙ্গলবার শুরু হয়ে বুধবার শেষ হওয়া এই অভিযানে জোহরের বিভিন্ন রেস্টুরেন্ট, গাড়ির সার্ভিস সেন্টার, লন্ড্রি, কার অ্যাকসেসরিজের দোকান ও রিফ্লেক্সোলজি সেন্টারসহ অভিবাসন আইন লঙ্ঘনের সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।

অভিযানে আটক বিদেশিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি, পাস বা ওয়ার্ক পারমিট দেখাতে না পারার অভিযোগ রয়েছে। তাদের কেউ রান্নার কাজ, কেউ ম্যাসাজ বা ওয়েটারের কাজ করছিলেন, আবার কয়েকজন ওইসব প্রতিষ্ঠানের গ্রাহক হিসেবেও সেখানে ছিলেন। একই অভিযানে ছয় মালয়েশীয় নাগরিককেও আটক করা হয়েছে, যাদের প্রতিষ্ঠানগুলোর ম্যানেজার বলে ধারণা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।

তদন্তে সহায়তার জন্য আরো কয়েকজন সাক্ষীকে তলব করা হয়েছে। আটক ১২৩ বিদেশির বিরুদ্ধেই মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ও সংশ্লিষ্ট বিধিমালা ভঙ্গের সন্দেহে তদন্ত চলছে। ফলে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্যও এই অভিযান গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বৈধ পাসপোর্ট, ভিসা ও ওয়ার্ক পারমিট ছাড়া থাকা কিংবা অনুমোদিত শর্তের বাইরে কাজ করলে ইমিগ্রেশন অভিযানে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি রয়েছে।

Logo