মালয়েশিয়ার খবর
মারদেকায় ঐক্য ও সমৃদ্ধির বার্তা, মালয়েশিয়াজুড়ে উৎসব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৫:১৯
মালয়েশিয়া সোমবার উদযাপন করছে ৬৯তম জাতীয় দিবস বা ‘হারি মারদেকা’। রাজধানী পুত্রাজায়ার দাতারান পুত্রায় আয়োজিত মূল অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজ, সাংস্কৃতিক পরিবেশনা, সামরিক সরঞ্জাম প্রদর্শন ও আকাশে বিমান মহড়া।
এবারের জাতীয় দিবসের থিম উন্নয়নের সুফল ও সমৃদ্ধি যেন সবার কাছে পৌঁছে। নতুনত্ব হিসেবে এবারের আয়োজনে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাদ্যযন্ত্র ও সংস্কৃতিকে একসঙ্গে তুলে ধরা হয়েছে। প্রায় ১১ হাজার অংশগ্রহণকারী নিয়ে মানব-গ্রাফিক্স ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ।
মেলাকায় তিন দিনের অনুষ্ঠানেও ছিল ব্যাপক উৎসাহ। সেখানে ১ লাখ ৫০ হাজারের বেশি দর্শনার্থী অংশ নিয়েছেন। এবারের জাতীয় দিবসে প্রথমবারের মতো অংশ নিয়েছে জোহর সামরিক বাহিনী। উল্লেখ্য, দেশটির জোহর রাজ্যের নিজস্ব সামরিক বাহিনী রয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নতুন বার্তায় বলেছেন, স্বাধীনতা শুধু উৎসব নয়, দেশকে রক্ষা করা এবং জাতীয় ঐক্য ধরে রাখার দায়িত্বও। তিনি মালয়, চীনা, ভারতীয়, ইরান, কাদাজানসহ বিভিন্ন জনগোষ্ঠীর ঐক্যকে দেশের শক্তি হিসেবে তুলে ধরেছেন। একই সঙ্গে সব মানুষের প্রতি ন্যায়বিচার ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মালয়েশিয়ায় ৩১ আগস্ট জাতীয় দিবসে সরকারি ছুটি। প্রবাসী বাংলাদেশিরাও এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়ার পতাকা ও ‘সেলামাত হারি মারদেকা’ শুভেচ্ছা জানিয়ে উদযাপনে অংশ নিয়েছেন।
logo-1-1740906910.png)