সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে চার হাজার মিটার উঁচুতে নীল জলরাশির হ্রদ মানস সরোবর। এর পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত। বছরের বড় সময় বরফে ঢাকা থাকে পৃথিবীর অন্যতম দুর্গম এই স্থান। তীব্র ঠান্ডা, অক্সিজেনের স্বল্পতা ও কঠিন পাহাড়ি পথ সত্ত্বেও শত শত বছর ধরে মানুষ এখানে ছুটে আসছে।
কৈলাস-মানস সরোবর হিন্দু, বৌদ্ধ, জৈন ও তিব্বতের বন ধর্মের অনুসারীদের কাছে পবিত্র। হিন্দুদের কাছে কৈলাস দেবতা শিব ও দেবী পার্বতীর আবাসস্থল। ঋগ্বেদে কৈলাসের উল্লেখ পাওয়া যায়, যা প্রায় তিন হাজার বছরের পুরোনো। মানস সরোবরকে তারা পবিত্র হ্রদ মনে করেন, যেখানে স্নান করলে পাপ থেকে মুক্তি ও আত্মিক শুদ্ধি লাভ হয়।
বৌদ্ধদের কাছে কৈলাস ‘কাং রিনপোচে’ বা ‘তুষারের মূল্যবান রত্ন’। তারা বিশ্বাস করেন এটি মহাবিশ্বের কেন্দ্র। মানস সরোবরের তীরে বহু সন্ন্যাসী সাধনা করেছেন। জৈনদের মতে, তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এখানে নির্বাণ লাভ করেছিলেন। বন ধর্মের অনুসারীদের কাছে কৈলাস আধ্যাত্মিক সাধনার কেন্দ্র।
তীর্থযাত্রীরা কৈলাসের চূড়ায় ওঠেন না, বরং চারপাশে প্রদক্ষিণ করেন। হিন্দু ও বৌদ্ধরা ঘড়ির কাঁটার দিকে প্রদক্ষিণ করেন, যাকে হিন্দু ধর্মে ‘পরিক্রমা’ এবং তিব্বতি বৌদ্ধধর্মে ‘কোরা’ বলা হয়। বন ও জৈন অনুসারীরা বিপরীত দিকে প্রদক্ষিণ করেন। পুরো পথ প্রায় ৫২ কিলোমিটার, যা সাধারণত তিন দিনে সম্পন্ন হয়। অনেক তীর্থযাত্রী সাষ্টাঙ্গে প্রণাম করতে করতে এই পথ অতিক্রম করেন।
কৈলাস ও মানস সরোবর তিব্বতে অবস্থিত, যা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল। কাছেই নেপাল ও ভারতের সীমান্ত। কৈলাসের উচ্চতা প্রায় ৬ হাজার ৬৩৮ মিটার। মানস সরোবর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৬০০ মিটার উঁচুতে অবস্থিত একটি স্বাদু পানির হ্রদ। এর আয়তন ৪১২ বর্গকিলোমিটার এবং গভীরতা ৪৬ মিটার। এখান থেকেই এশিয়ার চারটি বড় নদীর উৎপত্তি—সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র ও কর্ণালী।
মানস সরোবরের পাশেই রয়েছে রাক্ষসতাল, যার পানি লবণাক্ত। ইউনেস্কো এই অঞ্চলকে ‘স্যাকরেড মাউন্টেনস অ্যান্ড লেকস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
কৈলাস-মানস সরোবর যাত্রা অত্যন্ত কঠিন। ভারতের লিপুলেখ পাস, সিকিমের নাথু লা পাস এবং নেপাল হয়ে তিব্বতে প্রবেশ; এগুলোই প্রধান পথ। ভারতীয় নাগরিকরা সরকারি ব্যবস্থায় অংশ নিতে পারেন, বিদেশিরা সাধারণত নেপাল হয়ে যান। চীনের ভিসা ও বিশেষ অনুমতি ছাড়া সেখানে প্রবেশ সম্ভব নয়। হঠাৎ আবহাওয়া পরিবর্তন, ভূমিধস ও তীব্র ঠান্ডা যাত্রাকে আরো কঠিন করে তোলে।
logo-1-1740906910.png)