Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর

মালয়েশিয়ায় যে কাজের কারণে প্রশংসায় ভাসছেন এক বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৩:৪৪

মালয়েশিয়ায় যে কাজের কারণে প্রশংসায় ভাসছেন এক বাংলাদেশি

মালয়েশিয়ায় জাতীয় পতাকাকে সম্মান জানানো এক প্রবাসী বাংলাদেশির ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে। মালয়েশিয়ানরা বলছেন, দেশটা তাদের নয়। এই মাটিতে তারা জন্মাননি। তবু মালয়েশিয়ার জাতীয় পতাকা জালুর গেমিলাং মাটিতে পড়ে থাকতে দেখে দাঁড়িয়ে থাকতে পারেননি একদল বাংলাদেশি শ্রমিক।

মাটিতে পড়ে থাকা মালয়েশিয়ার জাতীয় পতাকাটি তুলে নিলেন তারা। এরপর সম্মানের সঙ্গে সেটি নিরাপদ জায়গায় রাখলেন। ছোট্ট এই দৃশ্যই এখন ছুঁয়ে গেছে মালয়েশিয়াজুড়ে মানুষের হৃদয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন ওই বাংলাদেশি শ্রমিকরা। নিউ স্ট্রেইট টাইমস জানিয়েছে, পতাকার প্রতি তাদের এই সম্মান অনলাইনে ব্যাপক প্রশংসা পেয়েছে। 

মালয়েশিয়ায় কাজ করতে আসা লাখো প্রবাসীর জীবন সংগ্রামে ভরা। পরিবার-পরিজন ছেড়ে দূর দেশে এসে তারা ঘাম ঝরান। কেউ নির্মাণশ্রমিক, কেউ কারখানায়, কেউ রেস্তোরাঁয় কিংবা বিভিন্ন সেবা খাতে কাজ করেন। তাদের কাছে মালয়েশিয়া শুধু কর্মস্থল নয়, এখানেই তাদের জীবনের একটি বড় অধ্যায় তৈরি হয়েছে।

আর সেই দেশের জাতীয় পতাকা যখন মাটিতে পড়ে ছিল, তখন সেটি তুলে নেওয়ার মধ্য দিয়ে যেন তারা বললেন, যে দেশ আমাদের কাজের সুযোগ দিয়েছে, সেই দেশের প্রতীকও আমাদের সম্মানের। সামাজিক মাধ্যমে মালয়েশিয়ানরা লিখছেন, বাংলাদেশিদের ব্যবহার তাদের মুগ্ধ করে। 

একটি পতাকা কুড়িয়ে নেওয়া হয়তো খুব ছোট ঘটনা। কিন্তু প্রবাসীদের এই ছোট্ট কাজটি মনে করিয়ে দিল ভালোবাসা, সম্মান আর মানবিকতার কোনো পাসপোর্ট লাগে না। মালয়েশিয়ানরা লিখছেন তাদের দেশের মাটিতে বাংলাদেশের প্রবাসীদের এমন আচরণই হতে পারে দুই দেশের মানুষের সম্পর্ক আরো গভীর করার নীরব সেতু।

Logo