মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট নিয়ে নেপালে ধুন্ধুমার কাণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ২১:৫৪
মালয়েশিয়ায় নেপালি শ্রমিক নিয়োগে নতুন করে সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। নেপালের প্রায় ১ হাজার ২০০টি লাইসেন্সপ্রাপ্ত জনশক্তি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২৫টিকে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যবস্থাপনা সিস্টেমে নিবন্ধিত করা হয়েছে। এতে বাকি প্রতিষ্ঠানগুলো মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ হারিয়েছে। নেপালের দৈনিক রাতোপতি এই খবর দিয়েছে।
নেপালের জনশক্তি ব্যবসায়ীরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ, মাত্র ২৫টি প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ায় একচেটিয়া ব্যবসার পথ তৈরি হয়েছে। এতে প্রতিযোগিতা কমার পাশাপাশি মালয়েশিয়াগামী শ্রমিকদের খরচ ও শোষণ বাড়তে পারে।
নেপাল সরকারও বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে। দেশটির যুব, কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় মালয়েশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে জরুরি বৈঠক করে সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েছে।
নেপাল বলেছে, শ্রমিক নিয়োগের প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও শ্রমিকবান্ধব এবং সব লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের সমান সুযোগ থাকতে হবে।
সরকারের দাবি, দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠক ও পারস্পরিক সমঝোতা ছাড়া মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে নতুন কোনো ব্যবস্থা চালু করা উচিত নয়। সিন্ডিকেটের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন নেপালি ব্যবসায়ীরা।
logo-1-1740906910.png)