চার বছরে ভারতে নিখোঁজ ৫.৩৫ লাখ শিশু, পাচারের শিকার অনেকেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:১৪
ভারতে শিশু নিখোঁজের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো (NCRB)-এর তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে দেশে মোট ৫ লাখ ৩৫ হাজার ৯ জন শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৪৬ হাজার ২৩ জনকে উদ্ধার করা গেছে, তবে এখনো ১ লাখ ৮৮ হাজার ৯৮৬ জন শিশু নিখোঁজ রয়েছে।
এই তথ্য রাজ্যসভায় উপস্থাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার। তিনি লিখিত প্রশ্নের জবাবে জানান, শিশু নিখোঁজের ঘটনা চার বছরে ক্রমাগত বেড়েছে এবং ২০২৪ সালে সর্বাধিক ঘটনা রেকর্ড হয়েছে।
২০২৪ সালে নিখোঁজ শিশুদের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ১৭৫ জন। এর মধ্যে ৯৮ হাজার ৮২৬ জনকে উদ্ধার করা হয়েছে, আর ৪৮ হাজার ৩৪৯ জন এখনো নিখোঁজ।
২০২৩ সালে নিখোঁজ হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬০৯ শিশু, উদ্ধার হয়েছে ৮৯ হাজার ৮০৯ জন, আর নিখোঁজ রয়ে গেছে ৪৮ হাজার ৮০০ জন।
২০২২ সালে নিখোঁজ হয়েছে ১ লাখ ২৭ হাজার ৮৭৪ শিশু, উদ্ধার হয়েছে ৮০ হাজার ৫৬১ জন, আর নিখোঁজ রয়ে গেছে ৪৭ হাজার ৩১৩ জন।
২০২১ সালে নিখোঁজ হয়েছে ১ লাখ ২১ হাজার ৩৫১ শিশু, উদ্ধার হয়েছে ৭৬ হাজার ৮২৭ জন, আর নিখোঁজ রয়ে গেছে ৪৪ হাজার ৫২৪ জন।
২০২৪ সালে পশ্চিমবঙ্গ সর্বাধিক শিশু নিখোঁজের ঘটনা রেকর্ড করেছে। ওই বছর রাজ্যে ২২ হাজার ৭৪২ শিশু নিখোঁজ হয়। এর মধ্যে ১৭ হাজার ১৬৯ জনকে উদ্ধার করা হয়েছে, আর ৫ হাজার ৫৭৩ জন নিখোঁজ রয়ে গেছে।
এনসিআরবি তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা ও দিল্লি শিশু নিখোঁজের ঘটনায় শীর্ষে রয়েছে।
জম্মু ও কাশ্মীরে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে ৩ হাজার ২২১ শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে ১ হাজার ২০৪ জনকে উদ্ধার করা হয়েছে, আর ২ হাজার ১৭ জন নিখোঁজ রয়েছে। ২০২১ সালে নিখোঁজ হয়েছিল ৭২৩ শিশু, আর ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৮ জনে।
শিশু নিখোঁজের সঙ্গে মানব পাচারের সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে কেন্দ্র জানিয়েছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে মানব পাচার সংক্রান্ত গ্রেপ্তার ও দণ্ডিত হওয়ার তথ্য এনসিআরবি সংরক্ষণ করেছে। তবে কতগুলো মামলা এখনো বিচারাধীন রয়েছে, তার তথ্য কেন্দ্রীয়ভাবে রাখা হয় না।
মানব পাচার প্রতিরোধে সরকার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (AHTU) গড়ে তোলার জন্য আর্থিক সহায়তা দিয়েছে। তবে পুলিশ ও জনশৃঙ্খলা রাজ্য তালিকাভুক্ত বিষয় হওয়ায় এসব ইউনিট গঠন ও জনবল নিয়োগের দায়িত্ব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত প্রশাসনের ওপরই বর্তায়।
তথ্য বলছে, শিশু নিখোঁজের ঘটনা ভারতে একটি বড় সামাজিক সংকটে পরিণত হয়েছে। প্রতি বছর হাজার হাজার শিশু নিখোঁজ হচ্ছে, যাদের অনেককে উদ্ধার করা গেলেও বিপুলসংখ্যক শিশু এখনো অদেখা। পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশের মতো রাজ্যে পরিস্থিতি আরো ভয়াবহ। কেন্দ্রীয় সরকারের দাবি, মানব পাচার প্রতিরোধে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাস্তব চিত্র বলছে, শিশু নিখোঁজের সংখ্যা কমাতে আরো কার্যকর পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
logo-1-1740906910.png)