জাপানের দক্ষিণাঞ্চলে ২৮ জুলাই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা জেএমএ জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১ এবং কেন্দ্র ছিল কুমামতো প্রিফেকচারে।
ভূমিকম্পের পর সম্ভাব্য এক মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। একই সঙ্গে কিউশু দ্বীপের কুমামতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে সরকার।
তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভূমিকম্পের পর পরাঘাত বা আফটারশক হতে পারে বলে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
জাপান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্প বেল্টে অবস্থান করায় প্রায়ই দেশটিতে বড় ধরনের ভূমিকম্প ঘটে। তবে উন্নত প্রযুক্তি, আগাম সতর্কতা ব্যবস্থা এবং জনগণের সচেতনতা অনেক সময় বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে।
কুমামতো প্রিফেকচার অতীতে একাধিকবার বড় ভূমিকম্পের শিকার হয়েছে। এবারো ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রস্তুতি নিয়েছে। জরুরি সেবা সংস্থাগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
logo-1-1740906910.png)