প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ২৮ জুলাই মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এই তথ্য জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম।
টেলিফোন আলোচনায় মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে উভয় দেশের জনগণের জন্য আরো বেশি সুফল নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
আলোচনায় বাংলাদেশের বর্তমান গ্যাস সরবরাহ সংকটের বিষয়টি উঠে আসে। সরবরাহ সীমাবদ্ধতার কারণে সৃষ্ট এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন।
তারেক রহমান পেট্রোনাসের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে এলএনজি সরবরাহের সম্ভাবনা বিবেচনার অনুরোধ জানান, যাতে বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সহায়তা করা যায়।
এছাড়া আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে। এর মধ্যে এক্সিয়াটার বিনিয়োগের অগ্রগতি এবং এমএমসি পোর্টের সঙ্গে সম্ভাব্য কৌশলগত সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। এসব উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করবে এবং নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক শ্রদ্ধাবোধ, বাস্তবমুখী সহযোগিতা এবং উভয় দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকারের ভিত্তিতেই এই সম্পর্ককে আরো এগিয়ে নেওয়া হবে বলে জানান দুই নেতা।
logo-1-1740906910.png)