মালয়েশিয়ার খবর ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশ থেকে শ্রমিক নিতে মালয়েশিয়ার সিদ্ধান্ত দুই একদিনের মধ্যে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৮:৪৭
বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে দুই-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে মালয়েশিয়া। দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানন এই তথ্য জানিয়ে বলেছেন, দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মালয়েশিয়ায় সফররত প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে বৈঠকের পর মালয়েশিয়ার মন্ত্রী এ কথা জানিয়েছেন।
বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে বৈঠকটিকে ইতিবাচক ও পূর্ণাঙ্গ বলে বর্ণনা করেছেন তিনি। মন্ত্রী রামানন আরো জানিয়েছেন, দুই দেশ এখন একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আলোচনায় চূড়ান্ত ফলাফল এলে তারা যৌথভাবে বা আলাদাভাবে এ নিয়ে ঘোষণা দেবেন।
রামাননের মতে, বাংলাদেশ শ্রমিক প্রেরণে সহায়তা করতে প্রস্তুতি প্রকাশ করেছে। অন্যদিকে মালয়েশিয়া বিভিন্ন খাতে, বিশেষ করে খাদ্য ও পানীয় শিল্পে শ্রমিক ঘাটতির সম্মুখীন হচ্ছে।
তাই বাংলাদেশের শ্রমিকরা যাতে মালয়েশিয়ায় আসতে পারে সেই লক্ষ্যে দুই দেশই বিভিন্ন খাত উন্মুক্ত করার প্রয়োজনীয়তার ওপর মনোযোগ দিচ্ছে। তবে বৈঠক নিয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দেশটিতে থাকা সাংবাদিকদের সামনে কোনো বক্তব্য রাখেননি।
logo-1-1740906910.png)