Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ, বাড়ছে অপব্যবহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৯:৪৯

মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ, বাড়ছে অপব্যবহার

মালয়েশিয়ায় সামাজিক বা ট্যুরিস্ট ভিজিট পাস নিয়ে এসে অবৈধভাবে কাজ করার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ ধরনের অনিয়ম ঠেকাতে নজরদারি ও অভিযান আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

জাকারিয়া শাবান জানান, ২০২৩ সালে সামাজিক ভিজিট পাসের অপব্যবহারের অভিযোগে ১ হাজার ২৭৯ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৬৪৪ জনে। আর ২০২৫ সালেও ২ হাজার ৬৩০ জনকে একই অপরাধে আটক করা হয়েছে। ফলে বোঝা যায় বছর বছর বাড়ছে এই অপরাধ প্রবণতা। চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত আরো ৪৫১ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

জাকারিয়া শাবান অভিযোগ করেছেন, এসব বিদেশি ট্যুরিস্ট বা সামাজিক ভিজিট পাস নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করলেও পরে রেস্তোরাঁ, কারখানা, দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ বা ব্যবসায়িক কার্যক্রমে জড়িয়ে পড়েন। এসব মালয়েশিয়ার আইনে অপরাধ।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, শুধু বিদেশি নয়, যারা জেনেশুনে এ ধরনের ব্যক্তিদের চাকরি দেন বা আশ্রয় দেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এজন্য বিভিন্ন শিল্প এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশিসহ মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক বা বর্তমানে অবস্থানরত প্রবাসীদের জন্য ইমিগ্রেশন বিভাগের পরামর্শ হলো- শুধু বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হবে। ট্যুরিস্ট বা সামাজিক ভিজিট পাসে কাজ করতে গিয়ে ধরা পড়লে গ্রেপ্তার, জরিমানা, কারাদণ্ড, বহিষ্কার এবং ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

Logo