মালয়েশিয়া সরকার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বা ইউএনএইচসিআরের সাময়িকভাবে নতুন শরণার্থী নিবন্ধন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। সরকারের ভাষ্য, দেশটি নিজস্ব শরণার্থী নিবন্ধন ব্যবস্থা কার্যকর করছে, যাতে বিদেশিদের তথ্য আরো কার্যকরভাবে যাচাই ও পর্যবেক্ষণ করা যায়।
উপপররাষ্ট্রমন্ত্রী লুকানিসমান আওয়াং সাউনি পার্লামেন্টে জানান, নতুন ব্যবস্থার মাধ্যমে সরকার শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের পরিচয়, অবস্থান এবং তথ্য নিজস্বভাবে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবে। এতে বিদেশি সংস্থার তথ্যের ওপর নির্ভরতা কমবে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় দুই লাখ ১৫ হাজারের বেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থী নিবন্ধিত ছিলেন। তাদের বড় একটি অংশ মিয়ানমারের রোহিঙ্গা। সরকার জানিয়েছে, নতুন নিবন্ধন সাময়িকভাবে বন্ধ থাকলেও ইউএনএইচসিআর তৃতীয় দেশে পুনর্বাসনের কাজ চালিয়ে যাবে।
এছাড়া মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে থাকা প্রায় পাঁচ হাজার মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনাও রয়েছে বলে সরকার জানিয়েছে। অভিবাসন নীতিতে এ পরিবর্তন দেশটিতে অবস্থানরত বিদেশিদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
logo-1-1740906910.png)