Logo
×

Follow Us

এশিয়া

সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো হলো দুই বাংলাদেশিকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:৫২

সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো হলো দুই বাংলাদেশিকে

ফেসবুকে উগ্রপন্থি পোস্ট দেওয়ার অভিযোগে সিঙ্গাপুরে ২ বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে।

১৭ জুলাই শুক্রবার দেশটির ইন্টারনাল সিকিউরিটি ডিপার্টমেন্ট (আইএসডি) এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, পৃথক তদন্ত শেষে তায়ানি এমডি রিসাদ ও ইসলাম সেহেদুল নামে ওই দুই বাংলাদেশিকে গত ৮ জুলাই দেশে ফেরত পাঠানো হয়।

আইএসডির তথ্য অনুযায়ী, রিসাদ সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের উগ্র ইসলামপন্থি লেখক শফিউর রহমান ফারাবীর প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন। 

ফারাবীর বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ ও নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। 

এছাড়া, নিষিদ্ধ ইসলামপন্থি সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। 

অন্যদিকে, ইসলাম সেহেদুল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভেদমূলক ধর্মীয় মতামত প্রকাশ করেন বলে জানিয়েছে আইএসডি। তিনি শরিয়াহ আইনের অধীনে পরিচালিত হতে চান না- এমন মুসলমানদের "কাফির" বলে উল্লেখ করেছিলেন।

তবে সিঙ্গাপুরের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, তদন্তে এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় যে ওই দুই ব্যক্তি সিঙ্গাপুরে কোনো সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

জাতীয় নিরাপত্তার প্রশ্নে উগ্রবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে সিঙ্গাপুর সরকার শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে বলেও আইএসডি জানিয়েছে।

বিদেশি কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও দেশটির আইন ও বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Logo