দার্জিলিংয়ের নির্জন গ্রাম মাজুয়া: পাহাড়-ঝর্ণা-নদীর সহাবস্থান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৭
পাহাড়ের রূপ প্রতিটি ঋতুতেই বৈচিত্র্যময়। তবে বর্ষায় সেই রূপ যেন আরো মোহময়ী হয়ে ওঠে। মেঘ-বৃষ্টি আর সবুজের মেলবন্ধনে পাহাড়ি গ্রামগুলো হয়ে ওঠে অনন্য। দার্জিলিংয়ের সিঙ্গালিলা ফরেস্ট রেঞ্জের কোলে অবস্থিত শান্ত, স্নিগ্ধ, সবুজেঘেরা গ্রাম মাজুয়া ঠিক এমনই এক অফবিট ডেস্টিনেশন।
শহুরে কোলাহল থেকে দূরে এই গ্রামে পা রাখলেই ক্লান্তি ও বিষণ্নতা মিলিয়ে যায়। চারপাশে ঘন জঙ্গল, পাহাড়ি ঝর্ণা আর খরস্রোতা নদীর শব্দ যেন প্রকৃতির সিম্ফনি। স্থানীয় হোমস্টে বা রিসোর্টে থাকলে সহজেই শোনা যায় জলপ্রপাতের গর্জন আর নদীর বয়ে চলার সুর।
মাজুয়ার উচ্চতা প্রায় ৫ হাজার ৪২ ফুট। জায়গাটি পর্যটকদের ভিড়মুক্ত হওয়ায় নির্জনতা পছন্দ করা ভ্রমণকারীদের কাছে এটি আদর্শ। সাওয়াজি খোলা নদীর তীরে বসে পাথরের উপর পা ডুবিয়ে কাটিয়ে দেওয়া যায় ঘণ্টার পর ঘণ্টা। সন্ধ্যা নামলেই চারপাশে পোকামাকড়ের অদ্ভুত শব্দে তৈরি হয় এক বিস্ময়কর সুর, আর সকালে ভেসে আসে হিমালয়ান পাখিদের কলতান। বার্ড ওয়াচার্সদের কাছে এটি যেন স্বর্গরাজ্য।
এখানকার কাঠের বাড়ি, কটেজ ও ট্রি হাউসগুলোতে রাত কাটানো ভ্রমণকারীদের জন্য বাড়তি রোমাঞ্চ যোগ করে। স্থানীয় লেপচা উপজাতির মানুষদের সহজ-সরল জীবনযাত্রা ও সংস্কৃতিকে কাছ থেকে দেখার সুযোগও মেলে। অ্যাডভেঞ্চারপ্রেমীরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের গভীর জঙ্গলের ট্রেইল ধরে হাইকিং করতে পারেন। শীতকালে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে স্পষ্ট দেখা যায় মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা।
শিলিগুঁড়ি থেকে মাজুয়ার দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘণ্টা। মানেভঞ্জন থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে এই গ্রাম। দার্জিলিং শহর থেকে দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার, যা গাড়িতে যেতে লাগে প্রায় ২ ঘণ্টা।
বর্ষায় পাহাড়ের রূপ দেখতে চাইলে দার্জিলিংয়ের এই অফবিট গ্রাম মাজুয়া হতে পারে সেরা গন্তব্য। তবে বর্ষায় জোঁকের উপদ্রব বেশি থাকে, তাই সঙ্গে রাখতে হবে নুন ও তামাক পাতা। ছাতা ও রেনকোটও ভ্রমণের অপরিহার্য সঙ্গী। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কয়েক দিন কাটাতে চাইলে মাজুয়া হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ তালিকার অন্যতম আকর্ষণ।
logo-1-1740906910.png)