Logo
×

Follow Us

এশিয়া

কলকাতায় জমে উঠেছে হাসপাতাল ক্লিনিকগুলো; বাংলাদেশি রোগীর ভিড়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৬

কলকাতায় জমে উঠেছে হাসপাতাল ক্লিনিকগুলো; বাংলাদেশি রোগীর ভিড়

দীর্ঘ টানাপোড়নের পর ফের গতি পাচ্ছে কলকাতার মেডিকেল ট্যুরিজম। গত কয়েক মাসে মেডিকেল ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ হওয়ায় বাংলাদেশ থেকে আসা রোগীর সংখ্যা ক্রমে বাড়ছিল। এর মধ্যে গত সপ্তাহে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারো ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত সরকার। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার আবেদন জমা পড়েছে। ভারতের জনপ্রিয় বাংলা দৈনিক এই সময়ের প্রতিবেদনে জানা যায়, এই বিপুল আর্জি কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর জন্য নতুন আশার আলো হয়ে উঠেছে। 

বাংলাদেশে ২০২৪ সালের আগস্ট আন্দোলনের পর ভারতীয় ভিসা পরিষেবা সীমিত হয়ে পড়েছিল। এর সরাসরি প্রভাব পড়ে কলকাতার হাসপাতালগুলোতে। একসময় আউটডোরে দিনে মাত্র দু’একজন বাংলাদেশি রোগী দেখা যেত। পরে ধাপে ধাপে মেডিকেল ভিসা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বদলাতে শুরু করে। শহরের একাধিক হাসপাতালের দাবি, গত দু’তিন মাসে বাংলাদেশি রোগীর সংখ্যা ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে।

পিয়ারলেস, আরএন টেগোর, ডিসান, ফর্টিস, বিপি পোদ্দারসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালের আউটডোর ও ইনডোরে রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী। অনেক হাসপাতালের দাবি, অশান্তির আগে যত বাংলাদেশি রোগী আসতেন, বর্তমানে সেই সংখ্যার প্রায় ৫০ শতাংশ ইতোমধ্যেই ফিরে এসেছে।

ফর্টিস হেলথকেয়ারের গ্রুপ চিফ অপারেটিং অফিসার অনিল বিনায়ক বলেন, “বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক। তুলনামূলক কম খরচে উন্নত চিকিৎসা ও ভৌগোলিক নৈকট্যের কারণে ভারতের, বিশেষত কলকাতার হাসপাতালগুলোর প্রতি বাংলাদেশের মানুষের আস্থা অটুট। ভিসার জন্য বিপুল সংখ্যক আবেদনই তার প্রমাণ।”

বাংলাদেশি রোগীদের জন্য কলকাতা দীর্ঘদিন ধরেই চিকিৎসার অন্যতম ভরসাস্থল। রাজনৈতিক অস্থিরতা ও ভিসা জটিলতায় এই প্রবাহ ব্যাহত হলেও নতুন করে ভিসা চালু হওয়ায় আবারো পুরনো ছন্দে ফিরছে মেডিকেল ট্যুরিজম। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী মাসগুলোতে বাংলাদেশ থেকে কলকাতায় রোগীর সংখ্যা আরো বাড়বে এবং আগস্ট আন্দোলনের আগের অবস্থায় ফিরে যাবে।

Logo