মালয়েশিয়ার খবর ১২ জুলাই ২০২৬
মালয়েশিয়ায় করিম গ্যাংয়ের কয়েকজনকে আটক করল পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৫:৫৫
মালয়েশিয়ায় ‘গ্যাং করিম’ নামে পরিচিত একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের বিরুদ্ধে বড় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের চেরাস এলাকায় একটি আস্তানা ও ট্রানজিট হাউসে অভিযান চালিয়ে এই চক্রটিকে ধরা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন বাংলাদেশি ও ১ জন পাকিস্তানি পুরুষ রয়েছেন, যাদের সবাইকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আরো তিনজন বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে, যারা পাচারকারীদের সহযোগী হিসেবে কাজ করতেন এবং অবৈধ অভিবাসীদের রাখার জন্য ব্যবহৃত একটি ট্রানজিট হাউসের দেখাশোনার দায়িত্বে ছিলেন। এদের বয়স ২০ থেকে ৫২ বছরের মধ্যে।
তদন্তে জানা গেছে, এই চক্রটি কম্বোডিয়া ও থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ার কেলান্তান সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের দেশে প্রবেশ করাত। এরপর তাদের চেরাসের একটি ট্রানজিট হাউসে রাখা হতো এবং সেখান থেকে মালয়েশিয়ার বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়া হতো।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, চক্রটি প্রতিজনের কাছ থেকে ১৫ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত পর্যন্ত আদায় করত। শুধু চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত এই মানব পাচার চক্র প্রায় ৩২ লাখ রিঙ্গিত আয় করেছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযানে নগদ অর্থ, মোবাইল ফোন, পাসপোর্ট, বিভিন্ন দেশের পরিচয়পত্র, ব্যাংকের নথি এবং মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সবাইকে পুত্রাজায়া ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে এবং মানব পাচার ও অভিবাসী পাচারবিরোধী আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশজুড়ে মানব পাচার ও অবৈধ অভিবাসন চক্রের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে। সীমান্ত নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি এ ধরনের অপরাধে জড়িত দালাল ও চক্রের সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
logo-1-1740906910.png)