মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি কাগজপত্রহীন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
একই সঙ্গে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার অভিযোগে ৯৭৮ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত চলমান অভিযানে এসব অভিযুক্তদের আটক করা হয়।
মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য ও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। নির্মাণ প্রতিষ্ঠান, কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, দোকান এবং বিভিন্ন কর্মস্থলে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী ও কাজ করা বিদেশিদের আটক করা হয়।
পুচং, সেলাঙ্গর, কুয়ালালামপুরসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে বহু বিদেশি আটক হয়েছেন। আটক হওয়া অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, ভারত, পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, যেসব নিয়োগকর্তা বৈধ অনুমতি ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দিয়েছেন বা তাদের আশ্রয় দিয়েছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান অব্যাহত থাকবে।
তবে ৩৭ হাজারের বেশি আটক ব্যক্তির মধ্যে ঠিক কতজন বাংলাদেশি রয়েছেন, সেই নির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।
logo-1-1740906910.png)