মালয়েশিয়ার খবর ৬ জুন ২০২৬
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা অনুমোদনে ‘কেস-বাই-কেস’ পদ্ধতি বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৫:৩৩
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন নিয়মে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা) বিদেশি কর্মী চাকরিতে নিতে কোটা অনুমোদনের ক্ষেত্রে ‘কেস-বাই-কেস’ পদ্ধতির অবসান ঘটিয়ে সম্পূর্ণভাবে ই-কোটা মডিউলের মাধ্যমে আবেদন নিষ্পত্তির ব্যবস্থা চালু করেছে। ফলে এখন থেকে বিদেশি কর্মী কোটার সব আবেদন ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় স্বয়ংক্রিয় ও স্বচ্ছ প্রক্রিয়ায় পরিচালিত হবে।
মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান ৬ জুলাই এক সংবাদ সম্মেলনে জানান, গত ১ জুলাই মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট ওয়ান-স্টপ সেন্টার তাৎক্ষণিকভাবে কেসুমার অধীনে আনা হয়েছে। নতুন এই ব্যবস্থার ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর জনবল নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।
মন্ত্রী বলেন, বিদেশি কর্মী কোটার অনুমোদন দ্রুত পেতে কারো সঙ্গে যোগাযোগ, সাক্ষাৎ বা তদবিরের প্রয়োজন হবে না।
এদিকে, নতুন করে মালয়েশিয়ায় আসা বিদেশি কর্মীদের জন্য একটি ট্রানজিট সেন্টার স্থাপনেরও অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। নিয়োগদাতারা কর্মীদের কর্মস্থলে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত তারা এই কেন্দ্রে অবস্থান করবেন। সরকারের আশা, এতে বিমানবন্দরের ভিড় কমবে, কর্মীদের যথাযথভাবে গ্রহণ নিশ্চিত হবে এবং দেশে প্রবেশের পর সম্ভাব্য অপব্যবহারও রোধ করা যাবে।
মালয়েশিয়ায় কর্মরত এবং নতুন করে আসতে ইচ্ছুক বাংলাদেশি প্রবাসীদের জন্য এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভবিষ্যতে বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনার অধিকাংশ সরকারি কার্যক্রম মানবসম্পদ মন্ত্রণালয়ের এই একক সেবা কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে।
logo-1-1740906910.png)