মালয়েশিয়ার খবর ৫ জুলাই ২০২৬
মালয়েশিয়ায় পাসপোর্ট নিয়ে বাহাদুরি, এক প্রবাসী বাংলাদেশি আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৫:২৩
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ একটি ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের সূত্র ধরে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে। কুয়ানতানের একটি কনটেইনারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই প্রবাসী বাংলাদেশি তার কাছে দুটি মালয়েশিয়ান পাসপোর্ট আছে বলে ফেসবুকে পোস্ট করেন। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়। দেশটির নাগরিকরা প্রশ্ন তোলেন, এক বাংলাদেশির কাছে কীভাবে দুটি মালয়েশিয়ার পাসপোর্ট এলো। শুরু হয় ইমিগ্রেশন পুলিশের অভিযান।
অভিযানের সময় সেখানে ২০১৭ ও ২০২২ সালে মেয়াদোত্তীর্ণ দুটি মালয়েশিয়ান আন্তর্জাতিক পাসপোর্ট এবং এক মালয়েশিয়ান নাগরিকের Seafarer’s Service Book উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া পাসপোর্টগুলোর প্রকৃত মালিক শনাক্ত করা এবং সেগুলো কীভাবে ওই ব্যক্তির কাছে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ভ্রমণ নথির অবৈধ দখল, অপব্যবহার বা সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, সামাজিক মাধ্যমে অযথা বাহাদুরি এবং বিভ্রান্তিকর পোস্ট সন্দেহের মুখে ফেলছে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের। ফলে এসব কাজ থেকে দূরে থাকতে হবে প্রবাসীদের।
logo-1-1740906910.png)