Logo
×

Follow Us

এশিয়া

এই গরমে ছুটি কাটাতে ঘুরে আসুন দার্জিলিংয়ের পাঁচ পাহাড়ি গ্রাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:০৩

এই গরমে ছুটি কাটাতে ঘুরে আসুন দার্জিলিংয়ের পাঁচ পাহাড়ি গ্রাম

উত্তরবঙ্গের পাহাড় মানেই দার্জিলিং, কালিম্পং বা কার্শিয়াং। কিন্তু এই পরিচিত পর্যটনকেন্দ্রগুলোর আশপাশে রয়েছে কিছু অচেনা বা স্বল্প চেনা পাহাড়ি গ্রাম, যেখানে কয়েক দিন কাটালে মন ভরে যাবে প্রকৃতির সৌন্দর্যে। শহরের ভিড় থেকে দূরে নিরিবিলি ছুটি কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন এই পাঁচটি গ্রামে।

তোদে  

কালিম্পং জেলার ভারত-ভুটান সীমান্তে অবস্থিত ছোট্ট গ্রাম তোদে। এলাচ বাগান, পাহাড়ি নদী আর জলপ্রপাতের জন্য বিখ্যাত। এখান থেকে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে ট্রেকিং করা যায়। ১০০ বছরের পুরনো গির্জাও রয়েছে। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা হয়ে গাড়িতে পৌঁছানো যায়। থাকার জন্য স্থানীয় হোমস্টে রয়েছে।

দাওয়াইপানি  

দার্জিলিং শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত দাওয়াইপানি। প্রায় ৬ হাজার ৫০০ ফুট উচ্চতায় এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘা ও দার্জিলিং শহরের অপূর্ব দৃশ্য দেখা যায়। চারপাশে পাইন ও রডোডেনড্রন বনের নিস্তব্ধতা মন ভরিয়ে দেবে। নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে পৌঁছানো যায়। এখানে হোমস্টে থেকে বসেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায়।

পাবং  

কালিম্পংয়ের চিবো বা চড়খেড়ির কাছাকাছি ছোট্ট গ্রাম পাবং। নিরিবিলিতে সময় কাটাতে চাইলে এটি আদর্শ জায়গা। সূর্যোদয় ও সূর্যাস্তে কাঞ্চনজঙ্ঘার রঙের পরিবর্তন দেখার মতো। কাছেই লোলেগাঁও, লাভা মনাস্ট্রি ও নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে। এনজেপি থেকে দূরত্ব প্রায় ৭৫ কিমি। থাকার জন্য ছোট হোমস্টে রয়েছে।

ইচ্ছেগাঁও  

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৮০০ ফুট উঁচুতে অবস্থিত ইচ্ছেগাঁওকে বলা হয় ‘মেঘের বাড়ি’। পাইন, বার্চ ও জুনিপার গাছে ঘেরা এই গ্রাম মাঝেমধ্যেই মেঘে ঢেকে যায়। কাছেই সিলারিগাঁও ও অর্কিডে ভরা বন রয়েছে। ট্রেকিংয়ের জন্যও আদর্শ। এনজেপি থেকে দূরত্ব প্রায় ৮৫ কিলোমিটার। এখানে আধুনিক সুবিধাযুক্ত কাঠের ইকো-হোমস্টে পাওয়া যায়।

রংবুল  

দার্জিলিং জেলার সোনাদার কাছাকাছি অবস্থিত রংবুল। চারপাশে চা-বাগান আর মেঘ-কুয়াশায় মোড়া প্রকৃতি মন ভরিয়ে দেবে। এখানকার মূল আকর্ষণ রংবুল জলপ্রপাত বা ‘রেনবো ফলস’। কাছেই টাইগার হিল, যেখানে ভোরে সূর্যোদয় দেখা যায়। এনজেপি থেকে দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। থাকার জন্য ইকো-রিসোর্ট ও কাঠের হোমস্টে রয়েছে।

উত্তরবঙ্গের এই অচেনা পাহাড়ি গ্রামগুলোতে কয়েক দিন কাটালে মন ভরে যাবে প্রকৃতির সৌন্দর্যে। দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে শান্ত পরিবেশে ছুটি কাটাতে চাইলে তোদে, দাওয়াইপানি, পাবং, ইচ্ছেগাঁও ও রংবুল হতে পারে আদর্শ গন্তব্য।

Logo