ভারতের যে পাহাড়ি গ্রামে প্রতি রোববার বহিরাগত প্রবেশ নিষিদ্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৩৪
ভারতের মেঘালয় রাজ্যের ছোট্ট গ্রাম মাওলিনং, যাকে ২০০৩ সালে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছিল, এখন নতুন এক সিদ্ধান্তে আলোচনায়। পর্যটনের কারণে গ্রামটির অর্থনীতি বদলে গেলেও ২০২৬ সালের জানুয়ারি থেকে প্রতি রোববার পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিদিন শত শত পর্যটক ফুলে সাজানো পথ ধরে হাঁটতে, সেলফি তুলতে এবং পরিচ্ছন্নতার খ্যাতি দেখতে গ্রামে আসেন। শনিবারে প্রায় এক হাজার পর্যটক ভিড় করেন। কিন্তু রোববার গ্রামের প্রবেশপথে গেট বন্ধ থাকে, পাহারায় থাকে স্থানীয়রা। বাসিন্দাদের মতে, এই নিষেধাজ্ঞা তাদের “বাস্তব গ্রামীণ জীবন” ফিরিয়ে দিয়েছে।
মাওলিনংয়ের পরিচ্ছন্নতার সংস্কৃতি বহু পুরনো। শিশুদের ছোটবেলা থেকেই শেখানো হয় রাস্তা ঝাড়ু দেওয়া, শুকনো পাতা সরানো এবং আবর্জনা ফেলার নিয়ম। গ্রামের মানুষ নিজেরাই বায়োডিগ্রেডেবল বর্জ্য নিষ্পত্তি করেন এবং জনপরিসর সাজিয়ে রাখেন। এই অভ্যাসই গ্রামটিকে পরিচ্ছন্নতার প্রতীক করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ক্লিন ইন্ডিয়া মিশন প্রচারণায় মাওলিনংয়ের উদাহরণ তুলে ধরেছিলেন।
পরিচ্ছন্নতার খ্যাতি গ্রামটির অর্থনীতি বদলে দেয়। কৃষিকাজের বদলে বাসিন্দারা পর্যটনকেন্দ্রিক ব্যবসায় যুক্ত হন। অতিথিশালা, রেস্তোরাঁ, গাড়ি পার্কিং, স্যুভেনির দোকান; সবই পর্যটকদের জন্য গড়ে ওঠে। কিন্তু দুই দশক পর গ্রাম কমিটি মনে করে ভারসাম্য ফিরিয়ে আনা দরকার। রোববার পর্যটক নিষিদ্ধ করার মূল কারণ হলো স্থানীয় খ্রিস্টান জনগোষ্ঠীর জন্য গির্জায় প্রার্থনার সময় নিশ্চিত করা।
গ্রাম কমিটির সদস্য প্রেশিয়াস খংদুপ বলেন, “আমরা চাই আমাদের সাংস্কৃতিক পরিচয় ও শৃঙ্খলা বজায় থাকুক। রোববার পর্যটক না থাকলে আমরা গির্জায় যেতে পারি, পরিবার নিয়ে সময় কাটাতে পারি।” স্থানীয় বাসিন্দা ফেস্টিভাল খাররিম্বা বলেন, “পর্যটকরা থাকলে রোববার প্রার্থনা করা কঠিন হয়ে যায়।”
নিষেধাজ্ঞার আগে থেকেই বেশির ভাগ দোকান ও রেস্তোরাঁ রোববার বন্ধ থাকত। ফলে পর্যটকরা খাবার বা পানি কিনতে সমস্যায় পড়তেন। কমিটি মনে করে, অতিথিদের অস্বস্তি এড়াতে রোববার পুরোপুরি বন্ধ রাখাই ভালো। তবে যারা শনিবার থেকে অতিথিশালায় থাকেন, তারা রোববারও গ্রামে থাকতে পারেন।
পর্যটন গ্রামটিকে আধুনিক করেছে। নতুন কংক্রিটের বাড়ি তৈরি হয়েছে, যা এক প্রজন্ম আগে সম্ভব ছিল না। তবে বাসিন্দারা মনে করেন, পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং ধর্মীয় জীবনধারা রক্ষা করতে রোববারে বিরতি অপরিহার্য।
রোববার সকালে গ্রামজুড়ে দেখা যায় মানুষজন বাইবেল হাতে গির্জার পথে হাঁটছেন। দোকানপাট বন্ধ, পর্যটকদের গাড়ি নেই, চারদিকে ভেসে আসছে স্তবগান। ছয় দিন পর্যটকদের জন্য ব্যস্ত থাকে মাওলিনং, সপ্তম দিনে বিশ্রাম নেয়।
logo-1-1740906910.png)