Logo
×

Follow Us

এশিয়া

ভারতে প্রবেশে স্বাস্থ্যবিধি মানতে নতুন নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৪৫

ভারতে প্রবেশে স্বাস্থ্যবিধি মানতে নতুন নির্দেশনা

ভারতে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে নয়াদিল্লি। আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের মুখে ভারত সরকার বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়িয়েছে। এর অংশ হিসেবে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় চালু করেছে ‘এয়ার সুবিধা ২.০’ নামের একটি কন্ট্যাক্টলেস ডিজিটাল প্ল্যাটফর্ম।

গত ২৫ জুন থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী এখন থেকে যে কোনো দেশ থেকে ভারতে আসা আন্তর্জাতিক যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে অনলাইনে স্বাস্থ্য ঘোষণাপত্র পূরণ করতে হবে। যাত্রীরা তাদের যাত্রা শুরুর ২৪ ঘণ্টা আগে airsuvidha.civilaviation.gov.in ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে পারবেন। বিমানবন্দরে বাড়তি ঝামেলা এড়াতে ওয়েব চেক-ইনের সময়ই ফরম পূরণের পরামর্শ দেওয়া হয়েছে।

এই ফরমে যাত্রীদের বিগত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, ইবোলা আক্রান্ত কোনো অঞ্চলে যাওয়ার রেকর্ড এবং শরীরে জ্বর, গায়ে ব্যথা বা রক্তপাতের মতো উপসর্গ আছে কিনা; এসব তথ্য দিতে হবে। ভারতে পৌঁছানোর পর আর কোনো কাগজের ফরম পূরণ করতে হবে না; কেবল ডাউনলোড করা অনলাইন ফরমটি ইমিগ্রেশন কাউন্টারে দেখালেই চলবে। ঝুঁকিপূর্ণ যাত্রীদের তথ্য রিয়েল-টাইমে বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ও ইমিগ্রেশন টিমের কাছে পৌঁছে যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১৭ মে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে ঘোষণা করে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা জারি করে। এবারের প্রাদুর্ভাবটি মূলত বিরল রূপ ‘বুন্দিবুগিও ভাইরাস ডিজিজ’ দ্বারা সৃষ্ট, যার কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই। ফলে দক্ষিণ সুদানসহ সীমান্তবর্তী দেশগুলোও ঝুঁকির মধ্যে রয়েছে।

ভারত সফরকারী বা ট্রানজিট নেওয়া যাত্রীদের যদি এসব দেশে ভ্রমণের ইতিহাস থাকে, তবে বিমানবন্দরে তাদের অতিরিক্ত স্ক্রিনিংয়ের মুখোমুখি হতে হবে।

গত পাঁচ দশকে আফ্রিকায় ইবোলা ভাইরাসে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে এ ভাইরাস ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রিয়াসুস পরিস্থিতিকে উদ্বেগজনক হলেও নিয়ন্ত্রণযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন।

এই মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আফ্রিকান সিডিসি আগামী ছয় মাসের জন্য ৫১৮ মিলিয়ন ডলারের যৌথ তহবিল ঘোষণা করেছে।

Logo