Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২৭ জুন ২০২৬

মালয়েশিয়ার চাকরি বাজারে খরা, চাকরি হারিয়েছেন ৪৩ হাজার কর্মী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৩:৪১

মালয়েশিয়ার চাকরি বাজারে খরা, চাকরি হারিয়েছেন ৪৩ হাজার কর্মী

মালয়েশিয়ায় শ্রমবাজারে একদিকে যেমন বড় ধরনের চাকরি হারানো ও ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে আবার বিদেশি শ্রমিক সংকট ও নিয়োগ নীতিতে পরিবর্তন নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত মাত্র সাড়ে পাঁচ মাসে দেশজুড়ে ৪২ হাজার ৮০৭ জন কর্মী চাকরি হারিয়েছেন, যার বড় কারণ ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের বন্ধ হয়ে যাওয়া এবং কর্মী ছাঁটাই, যা মোট চাকরি হারানোর প্রায় ৪১ শতাংশ।

একই সঙ্গে মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান সতর্ক করেছেন, যদি কর্মীরা সময়মতো নতুন দক্ষতা অর্জন করতে না পারেন, তাহলে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটালাইজেশন এবং সবুজ অর্থনীতির প্রভাবে প্রায় ৬ লাখ ৯৭ হাজার চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে। যদিও একই সময়ে বাজারে ১২০টি নতুন পেশার চাহিদাও তৈরি হচ্ছে। তাই সরকার রি-স্কিলিং ও আপ-স্কিলিং প্রশিক্ষণ জোরদার করছে।

এর মধ্যেই শ্রমবাজারে প্রবাসী কর্মীদের ভবিষ্যৎ ও বিদেশি শ্রমিক সংকট নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে একটি বিশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠক ডাকার সিদ্ধান্ত হয়েছে, যার সভাপতিত্ব করবেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি। এই বৈঠকে বিশেষ করে খাদ্য ও পানীয় (F&B) খাতসহ বিভিন্ন শিল্পে শ্রমিক ঘাটতির বিষয়টি গুরুত্ব পাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বাস্তব চাহিদা অনুযায়ী বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে।

এর আগে বিদেশি শ্রমিক কোটা নিয়ন্ত্রণের নীতির কারণে বিভিন্ন খাতে জনবল সংকট দেখা দিলেও এখন সরকার সেই নীতি পুনর্বিবেচনা করছে। পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ (JWG) বৈঠকের মাধ্যমে স্বচ্ছ ও নিরাপদ কর্মী নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দিকেও অগ্রগতি হচ্ছে। ফলে শ্রমবাজারে একদিকে চাকরি হারানো ও এআই ঝুঁকি, অন্যদিকে আবার বিদেশি শ্রমিক ঘাটতি; দুই দিক মিলিয়ে নতুন এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।

Logo