মালয়েশিয়ার খবর ২৪ জুন ২০২৬
আমিনুল ইসলামকে ফেরত চায়নি বাংলাদেশ, জানাল মালয়েশিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২০:০২
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিয়ন ইসলাম জানিয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান ব্যবসায়ী আমিনুল ইসলাম আবদুল নূরকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার এখনো দেশটির কাছে কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন আবেদন জমা দেয়নি। তিনি দেশটির পার্লামেন্টে বলেন, বাংলাদেশের কূটনৈতিক প্রতিনিধিদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুরোধ তাদের মন্ত্রণালয়ে পৌঁছায়নি।
সাইফুদ্দিন জানান, মালয়েশিয়া কেবল তখনই কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের বিষয় বিবেচনা করতে পারে, যখন সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনুসরণ করে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হয়। তিনি আরো বলেন, মালয়েশিয়ার প্রত্যর্পণ প্রক্রিয়া ১৯৯২ সালের এক্সট্রাডিশন আইন এবং বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় পরিচালিত হয়। তবে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বর্তমানে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই। তাই বাংলাদেশ যদি আমিনুল ইসলামকে ফেরত চায়, তাহলে দেশটির কূটনৈতিক প্রতিনিধিদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে।
এর আগে মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছিল, আমিনুল ইসলাম এবং তার সহযোগী রুহুল আমিনের বিরুদ্ধে অর্থপাচার, চাঁদাবাজি ও বিদেশি শ্রমিক পাচারের অভিযোগের বিষয়ে বাংলাদেশ যোগাযোগ করেছিল এবং বিষয়টি সরকার-টু-সরকার ও পুলিশ-টু-পুলিশ পর্যায়ে আলোচনা হচ্ছিল। আমিনুল ইসলাম মালয়েশিয়ার বেস্টিনেট কোম্পানির প্রতিষ্ঠাতা, যে প্রতিষ্ঠানটি বিদেশি শ্রমিকদের প্রবেশ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করে। বাংলাদেশে জন্ম নেওয়া আমিনুল বর্তমানে মালয়েশিয়ার নাগরিক এবং তিনি আর কোম্পানির চেয়ারম্যান না থাকলেও প্রতিষ্ঠানটিতে এখনো তার স্বার্থ রয়েছে।
logo-1-1740906910.png)